‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গোপালগঞ্জে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। পুলিশের পাশাপাশি জেলার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পাঁচ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) থেকে গোপালগঞ্জ শহরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন, নিয়মিত টহল এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ৫ আগস্ট উপলক্ষে জেলার বিভিন্ন কর্মসূচি নির্বিঘ্নে সম্পন্ন করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে গৃহীত কর্মসূচিগুলো শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বিজিবিসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।
তিনি আরও জানান, আগামী ১৫ আগস্ট পর্যন্ত জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পাঁচ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করবে। পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থাপনা, সড়ক ও জনসমাগমস্থলে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
প্রশাসনের ভাষ্য অনুযায়ী, পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হচ্ছে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে।










