জয়পুরহাটের পুরানাপুল এলাকায় কয়েল স্প্রিং ভেঙে রাজশাহীগামী আন্তঃনগর ‘বরেন্দ্র এক্সপ্রেস’ ট্রেনটি মাঝপথে বিকল হয়ে পড়েছে। এতে পার্বতীপুর-সান্তাহার রুটে সব ধরনের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। হঠাৎ ট্রেন বিকল হওয়ায় ওই রুটের যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে।
শনিবার (২২ আগস্ট) সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে জয়পুরহাটের পুরানাপুল রেলগেট এলাকা পার হওয়ার সময় চলন্ত ট্রেনটির কয়েল স্প্রিং বডি ভেঙে যায়। বিকট শব্দ শুনতে পেয়ে চালক দ্রুত ট্রেনটি থামিয়ে দেন। ফলে বড় ধরনের দুর্ঘটনা থেকে ট্রেনের যাত্রীরা রক্ষা পান।
স্থানীয় ও রেলওয়ে সূত্রে জানা গেছে, সকালে চিলাহাটি থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে আসে বরেন্দ্র এক্সপ্রেস। পুরানাপুল এলাকায় পৌঁছানোর পর ট্রেনের একটি গুরুত্বপূর্ণ যান্ত্রিক অংশের স্প্রিং ভেঙে যাওয়ায় ট্রেনটি লাইনের ওপরই থেমে যায়। এতে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
বরেন্দ্র এক্সপ্রেসের পরিচালক (গার্ড) ছানোয়ার হোসেন বলেন, চলন্ত অবস্থায় স্প্রিং ভেঙে যাওয়ায় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। তবে চালক দ্রুত ট্রেন থামিয়ে দেওয়ায় যাত্রীদের কোনো বড় বিপদের মুখে পড়তে হয়নি।
জয়পুরহাট স্টেশন মাস্টার রফিক চৌধুরী জানান, বরেন্দ্র এক্সপ্রেসের স্প্রিং ভেঙে যাওয়ার খবর পাওয়ার পর ট্রেনটি মেরামতের জন্য রেলওয়ের ওয়েম্যানদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তারা দ্রুত মেরামতের কাজ করছেন।
তিনি আরও জানান, ট্রেনটি লাইনের ওপর বিকল হয়ে থাকায় পার্বতীপুর-সান্তাহার রুটে ট্রেন যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। মেরামতের কাজ শেষ হওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হলে ট্রেন চলাচল পুনরায় শুরু হবে।
এদিকে হঠাৎ রেল যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় বিভিন্ন স্টেশনে অপেক্ষমাণ যাত্রীদের দুর্ভোগ বেড়েছে। বিশেষ করে রাজশাহী, সান্তাহার ও পার্বতীপুরমুখী যাত্রীরা সময়মতো গন্তব্যে পৌঁছাতে না পারায় ভোগান্তিতে পড়েছেন। দ্রুত ট্রেনটি সচল করে রেল যোগাযোগ স্বাভাবিক করার চেষ্টা চলছে।










