সাংবিধানিক নিয়ম মেনেই নির্ধারিত সময়ে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান। একই সঙ্গে বিগত সরকারের আমলে দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
রোববার (২৩ আগস্ট) সকালে সচিবালয়ে দায়িত্ব গ্রহণের পর প্রথম কর্মদিবসে মন্ত্রণালয়ের কর্মকর্তা, বিভিন্ন সংস্থা ও দপ্তরপ্রধানদের সঙ্গে মতবিনিময় করেন স্থানীয় সরকারমন্ত্রী। এ সময় তিনি স্থানীয় সরকার ব্যবস্থার কার্যক্রম, নাগরিক সেবা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।
মতবিনিময় সভায় ড. আবদুল মঈন খান বলেন, সরকার সাংবিধানিক বিধান অক্ষরে অক্ষরে অনুসরণ করে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করবে। নির্বাচন আয়োজনের ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বা পক্ষপাতের সুযোগ থাকবে না বলেও তিনি উল্লেখ করেন।
বিগত সরকারের সময় অনুষ্ঠিত নির্বাচন নিয়ে সমালোচনার প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, বর্তমান গণতান্ত্রিক সরকার আগের মতো নির্বাচন করবে না। জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক প্রক্রিয়া নিশ্চিত করেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে।
দুর্নীতির বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, সরকার কোনো ধরনের দুর্নীতিকে প্রশ্রয় দেবে না। বিগত সময়ে যারা দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন, তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত প্রক্রিয়া অনুসরণ করে ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।
মন্ত্রী বলেন, ‘সরকার জনগণের ক্ষমতায় ক্ষমতাসীন, তাই বিএনপি সরকার প্রতিহিংসায় নয়, আইনে বিশ্বাস করে।’
নতুন দায়িত্ব পাওয়ার পর নিজের অগ্রাধিকার তুলে ধরে ড. আবদুল মঈন খান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রান্তিক মানুষের ভাগ্যোন্নয়নের লক্ষ্যে তাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন। মন্ত্রণালয় ও এর অধীন বিভিন্ন প্রতিষ্ঠান যদি যথাযথভাবে জনগণকে সেবা দিতে পারে, তাহলে এর সুফল দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষও পাবেন।
তিনি আরও বলেন, দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে সরকারি সেবা পৌঁছে দেওয়া এবং স্থানীয় পর্যায়ে নাগরিক সুবিধা আরও কার্যকর করার বিষয়ে তিনি গুরুত্ব দেবেন। মন্ত্রণালয়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে জনগণের কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ও অন্যান্য আনুষ্ঠানিকতা নির্বাচন কমিশনের সাংবিধানিক ও আইনগত প্রক্রিয়ার সঙ্গে সামঞ্জস্য রেখেই এগিয়ে নেওয়া হবে বলে জানান মন্ত্রী।










