ঢাকার সাভারে নির্মাণাধীন আটতলা ভবনের লিফট স্থাপনের জন্য রাখা ফাঁকা জায়গা দিয়ে পড়ে সবুরা বেগম (৪২) নামে এক নারী নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।
রোববার (২৩ আগস্ট) বিকেলে সাভার পৌর এলাকার পালপাড়া মহল্লায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সবুরা বেগম সাভার পৌর এলাকার মধ্যপাড়া মহল্লার বাসিন্দা রফিক হোসেনের স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে পালপাড়া মহল্লায় সুব্রত সাহার নির্মাণাধীন ভবনে শ্রমিক হিসেবে কাজ করছিলেন।
ভবনের ঠিকাদার বুধু মিয়া জানান, রোববার ভবনের নির্মাণকাজে কোনো শ্রমিকের যাওয়ার কথা ছিল না। তবে বাড়ির মালিকের ব্যক্তিগত কাজে সবুরা সেখানে গিয়েছিলেন। বিকেলে ভবনের সাততলায় লিফট স্থাপনের জন্য রাখা ফাঁকা জায়গায় তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের স্বামী রফিক হোসেন জানান, প্রতিদিনের মতো রোববার সকালে তিনি ওই নির্মাণাধীন ভবনে কাজে যান। দুপুরে বাসায় ফিরে খাবার খেয়ে আবার কর্মস্থলে চলে যান। সন্ধ্যার দিকে এক শ্রমিক ফোন করে তাকে জানান, তার স্ত্রী লিফটের জন্য রাখা ফাঁকা জায়গা দিয়ে পড়ে মারা গেছেন।
এ বিষয়ে সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, লিফট স্থাপনের জন্য রাখা ফাঁকা জায়গা দিয়ে পড়ে ওই নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
পুলিশ জানিয়েছে, তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় কারও গাফিলতি বা দায় পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।










