অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে ঘিরে কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ছিল বিয়ের গুঞ্জন। এমনকি তিনি গোপনে চুক্তিভিত্তিক বিয়ে করেছেন—এমন দাবিও করা হচ্ছিল বিভিন্ন জায়গায়। এবার এসব গুঞ্জন নিয়ে সরাসরি মুখ খুলেছেন প্রভা। তিনি জানিয়েছেন, তার বিয়ের খবর সম্পূর্ণ গুজব ও ভিত্তিহীন।
মঙ্গলবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে প্রভা বলেন, তিনি বিয়ে করেননি। একই সঙ্গে চুক্তিভিত্তিক বিয়ে কিংবা এ ধরনের কোনো সম্পর্কের সঙ্গেও তিনি জড়িত নন বলে স্পষ্ট করেছেন।
প্রভা লেখেন, ‘আমি বিয়ে করিনি। আমি কখনো চুক্তিভিত্তিক বিয়ে বা এ ধরনের কোনো সম্পর্কে আবদ্ধ হইনি। আমার সম্পর্কে যে অভিযোগগুলো ছড়ানো হচ্ছে, সেগুলো সম্পূর্ণ ভিত্তিহীন।’
অভিনেত্রীর দাবি, তার বিয়ের বিষয়ে বিভিন্ন সংবাদ ও তথ্য প্রকাশ করা হলেও এ নিয়ে তার সঙ্গে কেউ যোগাযোগ করেননি। বরং কেউ কেউ নিজেদের মতো করে নানা তথ্য লিখছেন। এ ধরনের সাংবাদিকতার বিষয়ে দায়িত্বশীল হওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি।
প্রভা মনে করেন, একজন সাংবাদিকের লেখার শক্তি অনেক বেশি। একই কলমের মাধ্যমে একজন মানুষকে নেতিবাচকভাবে উপস্থাপন করা যেমন সম্ভব, তেমনি তাকে ইতিবাচকভাবেও তুলে ধরা যায়। তাই এই শক্তির সঙ্গে দায়িত্বশীলতাও থাকা প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি।
নিজের অনুসারীদের উদ্দেশে প্রভা আরও বলেন, তার ব্যক্তিগত জীবন, ক্যারিয়ার কিংবা অন্য কোনো বিষয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিত্তিহীন তথ্য ও গুজবে যেন কেউ বিভ্রান্ত না হন। সঠিক তথ্য তিনি নিজেই তার ফেসবুক পেজের মাধ্যমে অনুসারীদের জানাবেন বলেও জানান।
এর আগে প্রায় এক সপ্তাহ ধরে প্রভার বিয়ে নিয়ে নানা আলোচনা চলছিল। গুঞ্জনের সূত্র হিসেবে সামনে আসে তার সামাজিক যোগাযোগমাধ্যমের কয়েকটি পোস্ট। চলতি বছরের এপ্রিল মাসে নিজের অনামিকায় আংটি পরা একটি ছবি প্রকাশ করেছিলেন এই অভিনেত্রী। পরে অনামিকায় হীরার আংটি এবং হাতে ফুল থাকা আরেকটি ছবি প্রকাশ করলে তার বিয়ে বা বাগদান নিয়ে আলোচনা আরও জোরালো হয়।
এরপর গুঞ্জন ছড়ায়, যুক্তরাষ্ট্রে পরিচয় হওয়া নিজের চেয়ে কম বয়সী এক যুবককে নাকি বিয়ে করেছেন প্রভা। তবে এসব দাবির কোনোটি সত্য নয় বলে স্পষ্ট করেছেন অভিনেত্রী নিজেই।
প্রভার বক্তব্যের পর তার ব্যক্তিগত জীবন নিয়ে ছড়িয়ে পড়া নানা জল্পনার অবসান হওয়ার কথা। একই সঙ্গে যাচাই না করে কোনো তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে না দেওয়ার বিষয়টিও নতুন করে সামনে এসেছে।










