বাংলাদেশের একটি সিনেমার শুটিং করতে গিয়ে নেপালে প্রতিকূল আবহাওয়া ও প্রাকৃতিক দুর্যোগের মধ্যে আটকা পড়েছেন টালিউডের জনপ্রিয় দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। তবে তারা বর্তমানে নিরাপদে হোটেলে অবস্থান করছেন বলে জানিয়েছেন খরাজ।
জানা গেছে, গত ২০ আগস্ট শুটিংয়ের জন্য নেপালে যান তারা। তাদের সঙ্গে খরাজের স্ত্রীসহ সিনেমার শুটিং দলের অন্য সদস্যরাও রয়েছেন। নেপালে পৌঁছানোর পর থেকেই প্রবল বৃষ্টি ও খারাপ আবহাওয়ার কারণে কয়েক দফায় শুটিং ব্যাহত হয়। শেষ পর্যন্ত বৃষ্টির মধ্যেই শুটিং শেষ করতে হয় তাদের।
এরই মধ্যে নেপালের চীন সীমান্তসংলগ্ন রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভোতে কোশি নদীর পানির স্তর হঠাৎ বেড়ে যাওয়ায় তিমুর ও স্যাফ্রুবেশিসহ বিভিন্ন এলাকায় বাজার, সড়ক ও জলবিদ্যুৎ প্রকল্প ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ওই অঞ্চলের যোগাযোগব্যবস্থাও মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।
দুর্যোগের কারণে কাঠমান্ডু যাওয়ার সড়কপথ বন্ধ হয়ে যায়। ফলে নির্ধারিত সকালের ফ্লাইট ধরতে পারেননি অভিনেতারা। খরাজ জানিয়েছেন, তারা বর্তমানে নিরাপদেই রয়েছেন এবং সড়কপথে ভারতের সীমান্তবর্তী গোরক্ষপুরে যাওয়ার পরিকল্পনা করছেন। সেখান থেকে ২৮ আগস্ট সরাসরি কলকাতার বিমানে ফেরার পরিকল্পনা রয়েছে তাদের।
এদিকে নেপালজুড়ে প্রাকৃতিক দুর্যোগে পর্যটকদের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে। স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, রাসুয়া জেলায় হড়পা বানের ঘটনায় অন্তত আটজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। উদ্ধারকাজে নেপাল সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনী কাজ করছে।
খরাজ ও রজতাভের নিরাপদ থাকার খবর প্রকাশের পর তাদের পরিবার ও অনুরাগীদের মধ্যেও স্বস্তি ফিরেছে। শুটিং শেষ করে পরিস্থিতি স্বাভাবিক হলে তারা দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন।










