দীর্ঘ প্রায় পাঁচ মাস বিদেশে চিকিৎসা নেওয়ার পর আজ বুধবার দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে চিকিৎসকদের পরামর্শে দেশে ফেরার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চিকিৎসাধীন অবস্থায় মির্জা আব্বাসের শারীরিক অবস্থার যথেষ্ট উন্নতি হয়েছে। মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী তাকে দেশে ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মির্জা আব্বাসকে বহনকারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট বুধবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
মালয়েশিয়া থেকে মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস জানান, দেশে ফেরার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তার শারীরিক অবস্থা আগের তুলনায় অনেকটা ভালো হলেও চিকিৎসা ও নিয়মিত থেরাপি চালিয়ে যেতে হবে। দেশে ফেরার পরও তার চিকিৎসা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এর আগে গত ১১ মার্চ ইফতারের সময় পানি পান করতে গিয়ে হঠাৎ জ্ঞান হারান মির্জা আব্বাস। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর সেখানে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।
পরবর্তীতে ১৫ মার্চ তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন থাকার পর অবস্থার কিছুটা উন্নতি হলে গত ১৪ এপ্রিল চিকিৎসকদের পরামর্শে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল থেকে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে স্থানান্তর করা হয়।
দীর্ঘ চিকিৎসা শেষে মেডিকেল বোর্ডের অনুমতি পাওয়ার পর আজ দেশে ফিরছেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মির্জা আব্বাস।










