চলচ্চিত্র থেকে নিজেকে পুরোপুরি সরিয়ে নিয়েছেন—এমন আলোচনা ও সমালোচনার মধ্যে নিজের অবস্থান পরিষ্কার করেছেন চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। তিনি জানিয়েছেন, চলচ্চিত্র থেকে অবসর নেননি। ভালো গল্প পেলে ভবিষ্যতে অভিনয়ে ফিরতে পারেন। পাশাপাশি অভিনয়ে ফিরুন বা না ফিরুন, সিনেমা প্রযোজনারও ইচ্ছা রয়েছে তার।
সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলের অনলাইনে প্রকাশিত পপির গত বছরের একটি সাক্ষাৎকারের অংশবিশেষ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে তিনি নিজের জীবনের ভুল-ত্রুটির জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং জীবনের বাকি সময় হেদায়েতের পথে থাকার কথা বলেছিলেন। ওই বক্তব্যের পর অনেকেই ধারণা করেন, পপি হয়তো চলচ্চিত্রে অভিনয়কে ‘পাপ’ মনে করে সিনেমা থেকে সরে গেছেন।
এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা-সমালোচনার পাশাপাশি অভিনেতা বাপ্পারাজও মন্তব্য করেন। বিষয়টি নিয়ে এবার নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন পপি।
তিনি বলেন, তার বক্তব্যে কোথাও চলচ্চিত্রে অভিনয় করে পাপ করেছেন—এমন কথা বলেননি। মানুষ জেনে বা না জেনে বিভিন্ন ভুল করে এবং সেসবের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া স্বাভাবিক বলেও মন্তব্য করেন তিনি।
পপি জানান, চলচ্চিত্রের প্রতি তার ভালোবাসা ও শ্রদ্ধা এখনো আগের মতোই রয়েছে। যে সিনেমা তাকে পরিচিতি, সম্মান ও সাফল্য দিয়েছে, সেই শিল্পমাধ্যম নিয়ে নেতিবাচক মন্তব্য করার প্রশ্নই আসে না বলে জানান তিনি।
অভিনয়ে ফেরার বিষয়ে পপি বলেন, ভালো কোনো গল্প পেলে তিনি আবারও অভিনয় করতে পারেন। নিজের জীবন নিয়ে তৈরি বায়োপিকে অভিনয় করার ইচ্ছার কথাও জানান তিনি। তবে অভিনয়ে ফিরুন বা না ফিরুন, প্রযোজনার প্রতি তার আগ্রহ রয়েছে।
বর্তমানে স্বামী আদনান ও একমাত্র ছেলে আয়াতকে নিয়ে পারিবারিক জীবনেই সময় কাটছে বলে জানান পপি। জীবনের প্রয়োজনে সিনেমা থেকে কিছুটা দূরে সরে গেলেও চলচ্চিত্রের সঙ্গে তার সম্পর্ক শেষ হয়ে যায়নি।
পপি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ডাইরেক্ট অ্যাটাক’। এছাড়া আরও কয়েকটি সিনেমার শুটিং শুরু করলেও পরবর্তী সময়ে সেগুলোতে আর সময় দিতে পারেননি তিনি।









