সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অভিনেত্রী এলিনা শাম্মী। দুর্ঘটনায় তার কপাল ও মাথার সামনের অংশে আঘাত লাগে। চিকিৎসার পর দুটি ইনজুরিতে মোট ১৫টি সেলাই দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অভিনেত্রী নিজেই।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দুর্ঘটনার কথা জানিয়ে দুটি ছবি প্রকাশ করেন এলিনা শাম্মী। তিনি জানান, বৃহস্পতিবার নির্মাতা সাজ্জাদ সুমনের ‘খুশবু’ ধারাবাহিকের শুটিংয়ে অংশ নেওয়ার কথা ছিল তার। এর আগের দিন সন্ধ্যায় শুটিংয়ের প্রয়োজনীয় কিছু জিনিস কিনতে ব্যাটারিচালিত অটোরিকশায় করে বাইরে বের হন তিনি।
এলিনার ভাষ্য অনুযায়ী, অটোরিকশায় ওঠার পর তিনি চালককে বারবার ধীরে চালানোর অনুরোধ করেন। তবে চালক তার কথা না শুনে দ্রুতগতিতে গাড়ি চালাতে থাকেন। একপর্যায়ে একটি পাথর বা ইটজাতীয় বস্তু অটোরিকশার সরু চাকার নিচে পড়ে যায়। এতে চালক ভারসাম্য হারিয়ে একদিকে ছিটকে পড়েন এবং এলিনাও রাস্তায় পড়ে যান। পরে অটোরিকশাটি তার ওপর পড়ে যায়।
অভিনেত্রী জানান, দুর্ঘটনায় অটোরিকশার চাকার একটি স্ক্রু তার কপাল চিরে দেয় এবং মাথার সামনের অংশে আঘাত লাগে। এতে প্রচুর রক্তক্ষরণ হয়। আহত অবস্থায় নিজের হ্যান্ডব্যাগ সঙ্গে নিয়ে অন্য একটি রিকশায় করে হাসপাতালে যান তিনি। পরে চিকিৎসকরা তার দুটি ইনজুরিতে মোট ১৫টি সেলাই দেন।
দুর্ঘটনার পর ব্যাটারিচালিত অটোরিকশার নিরাপত্তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এলিনা। তিনি এটিকে ‘মৃত্যুফাঁদ’ উল্লেখ করে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন।
তবে জীবন রক্ষা পাওয়ায় আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অভিনেত্রী। তিনি বলেন, আল্লাহ তাকে জীবন ভিক্ষা দিয়েছেন। একই সঙ্গে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারত বলেও উল্লেখ করে সবার কাছে নিজের জন্য দোয়া চেয়েছেন।










