চট্টগ্রাম নগরীর হালিশহরের উত্তর আগ্রাবাদ এলাকার নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মোহাম্মদ ছায়েদুর রহমান (৫৫) বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।
বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে রমনা আবাসিক এলাকার বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
সহকর্মীদের বরাত দিয়ে জানা গেছে, বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ছায়েদুর রহমান কর্মস্থলে ছিলেন। এ সময় তিনি সহকর্মীদের সঙ্গে একটি সভায় অংশ নেন এবং তাকে স্বাভাবিক ও হাসিখুশি দেখা যায়। প্রায় দুই বছর আগে তিনি যুগ্ম পরিচালক পদে পদোন্নতি পেয়েছিলেন।
পরিবার ও সহকর্মীদের সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় ছায়েদুর রহমানের স্ত্রী নাতিকে নিয়ে চিকিৎসকের কাছে যান। এ সময় তিনি স্ত্রীকে দ্রুত বাসায় ফিরতে বলেন। পরে স্ত্রী বাসায় ফিরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। বিষয়টি জানাজানি হলে পুলিশকে খবর দেওয়া হয়।
পরে হালিশহর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও এর প্রকৃত কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
ছায়েদুর রহমানের তিন মেয়ে রয়েছেন। বড় মেয়ে প্রকৌশলী এবং ছোট মেয়ে এমবিবিএস পড়ছেন; তারা দুজনই ঢাকায় থাকেন। মেজো মেয়ে চিকিৎসক এবং চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত।
হালিশহর থানার ওসি জয়েনাল আবেদিন মণ্ডল জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।










