রাজধানীর বনানীতে ডাকাতির প্রস্তুতির অভিযোগে বিদেশি পিস্তল, ওয়াকিটকি, হ্যান্ডকাফ ও অন্যান্য সরঞ্জামসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. মাসুদ রানা (২৯), মো. রাজিব হাওলাদার (৩০), হাফিজুল মাতব্বর (২৪), মোহাম্মদ শাকিল হোসেন (২৪) ও মো. বাদল (৪২)।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে বনানী থানাধীন ব্লক-এ, রোড নম্বর ৪-এর খায়ের প্যালেসের সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
ডিবি জানায়, অভিযানের সময় গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি ওয়াকিটকি, বাংলাদেশ পুলিশের মনোগ্রামযুক্ত একজোড়া হ্যান্ডকাফ, এক রোল কালো স্কচটেপ, একটি শপিং ব্যাগ এবং একটি হায়েস মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে।
পুলিশের ধারণা, এসব সরঞ্জাম নিয়ে তারা কোনো অপরাধ সংঘটনের প্রস্তুতি নিচ্ছিল। তবে গ্রেপ্তার ব্যক্তিরা কোনো সংঘবদ্ধ অপরাধী চক্রের সঙ্গে জড়িত কি না, তা এখনো নিশ্চিত নয়।
ডিএমপির ডেপুটি কমিশনার (মিডিয়া) মো. আকতার হোসেন জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বনানী থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
তিনি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিরা কোনো সংঘবদ্ধ অপরাধী চক্রের সঙ্গে জড়িত কি না, উদ্ধার হওয়া অস্ত্রের উৎস কী এবং তারা অতীতে কোনো অপরাধে জড়িত ছিল কি না—এসব বিষয়ে গোয়েন্দা পুলিশ বিস্তারিত তদন্ত করছে।
পুলিশের তদন্তে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আরও কোনো অপরাধের সংশ্লিষ্টতা পাওয়া যায় কি না, তা যাচাই করা হচ্ছে। একই সঙ্গে উদ্ধার হওয়া অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম কী উদ্দেশ্যে ব্যবহার করা হতো, সে বিষয়েও তদন্ত চলছে।










