বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস প্রথমবারের মতো জাতীয় সংসদে তার নিজ অফিসে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) তিনি সংসদ ভবনে নিজের কার্যালয়ে উপস্থিত হয়ে অফিসের কাজ শুরু করেন।
বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে। সেখানে বলা হয়, মির্জা আব্বাস-এমপি বৃহস্পতিবার প্রথমবার জাতীয় সংসদে তার নিজ অফিসে উপস্থিত হয়ে দাপ্তরিক কাজ শুরু করেছেন।
এর আগে বুধবার (২ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টার দিকে প্রায় সাড়ে পাঁচ মাস পর দেশে ফেরেন মির্জা আব্বাস। সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘ চিকিৎসা শেষে তিনি দেশে ফেরেন। তার দেশে ফেরাকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়।
মির্জা আব্বাস গত ১১ মার্চ ইফতারের সময় পানি পান করতে গিয়ে হঠাৎ জ্ঞান হারান। পরে শারীরিক অবস্থার অবনতি হলে ওই দিন গভীর রাতে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
পরবর্তীতে ১৫ মার্চ তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসা নেওয়ার পর তাকে মালয়েশিয়ায় স্থানান্তর করা হয়। দীর্ঘ চিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়া শেষে তিনি বুধবার রাতে দেশে ফেরেন।
দেশে ফেরার পরদিনই জাতীয় সংসদে নিজের কার্যালয়ে উপস্থিত হয়ে দাপ্তরিক কাজ শুরু করলেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। এর মধ্য দিয়ে দীর্ঘ চিকিৎসা শেষে তার নিয়মিত রাজনৈতিক ও দাপ্তরিক কার্যক্রমে ফেরার বিষয়টি সামনে এসেছে।









