নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া ও অস্ত্রের মহড়ার ঘটনায় গুলিভর্তি একটি বিদেশি পিস্তলসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার তারাবো বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে রাত পৌনে ৯টার দিকে রূপগঞ্জ থানায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নাজমুল হোসেন (৩০), নিহাল মিয়া (২১), সাজ্জাদ হোসেন (২০) ও শফিকুল ইসলাম (২৪)।
পুলিশ সুপার জানান, তারাবো বাজার এলাকায় মাদক ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শ্রাবণ ওরফে ‘কুত্তা শ্রাবণ’ গ্রুপ ও নবী গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। অভিযোগ রয়েছে, দুই পক্ষই বিভিন্ন সময় অস্ত্রশস্ত্র নিয়ে এলাকায় মহড়া, ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে জড়াত। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।
পুলিশ জানায়, বৃহস্পতিবার গভীর রাতে দুই গ্রুপ অস্ত্রের মহড়া, ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এরপর শুক্রবার সন্ধ্যায় তারাবো বাজার এলাকায় বিশেষ অভিযান চালায় পুলিশ। এ সময় নবী গ্রুপের চার সদস্যকে একটি গুলিভর্তি বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে একটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলিও উদ্ধার করা হয়েছে।
পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, এ ঘটনায় রূপগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। গ্রেপ্তার চারজনকে শনিবার নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে।










