ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা পাশের রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত ১১টা ৪০ মিনিটের দিকে কাইপামঙ্গলমের পানাম্বিকুন্নু এলাকায় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, তরুণদের বহনকারী একটি গাড়ি মহাসড়কের পাশে পার্ক করে রাখা একটি লরির পেছনে ধাক্কা দেয়। এতে গাড়িতে থাকা আটজনই গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দা, ফায়ার অ্যান্ড রেসকিউ কর্মী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে যৌথভাবে উদ্ধার অভিযান চালিয়ে দুর্ঘটনাকবলিত গাড়ি থেকে নিহতদের মরদেহ বের করে আনা হয়। উদ্ধার শেষে মরদেহগুলো ত্রিশুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় পড়া গাড়িটির নম্বরপ্লেট তামিলনাড়ুর। এ কারণে নিহতরা ওই রাজ্যের বাসিন্দা ও শিক্ষার্থী হতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে নিহতদের পরিচয় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রক্রিয়া চলছে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গাড়িটি গুরুভায়ুর এলাকা থেকে কোডুঙ্গাল্লুরের দিকে যাচ্ছিল। পথে পানাম্বিকুন্নু এলাকায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা লরিতে গাড়িটি ধাক্কা দেয়।
তবে ঠিক কী কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্ক করা লরিতে ধাক্কা দিয়েছে, তা এখনো জানা যায়নি। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। একই সঙ্গে নিহতদের পরিচয় নিশ্চিত করা এবং তাদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের প্রক্রিয়াও চলছে।










