বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে ব্যাট হাতে প্রত্যাশা পূরণ করতে না পারলেও মারনাস লাবুশেনের ওপর আস্থা হারায়নি ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। দক্ষিণ আফ্রিকা সফরের জন্য ঘোষিত টেস্ট দলে জায়গা ধরে রেখেছেন এই ব্যাটার। তবে ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন তিনি।
বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের তিন ইনিংসে লাবুশেনের সংগ্রহ ছিল মাত্র ১, ৩১ ও ৪ রান। ডারউইনে বাংলাদেশের কাছে অস্ট্রেলিয়ার হারের পর তাঁর টেস্ট দলে থাকা নিয়ে প্রশ্ন ওঠে। কিন্তু শেষ পর্যন্ত বড় কোনো পরিবর্তনের পথে না গিয়ে তাঁকে রেখেই দক্ষিণ আফ্রিকা সফরের দল ঘোষণা করেছে সিএ।
দীর্ঘদিন ধরেই লাবুশেনের ব্যাটে বড় ইনিংসের দেখা নেই। সর্বশেষ টেস্ট সেঞ্চুরি করেছিলেন তিন বছর আগে, ম্যানচেস্টারে ইংল্যান্ডের বিপক্ষে। এরপর ধারাবাহিকতার ঘাটতি থাকলেও অস্ট্রেলিয়ার টেস্ট পরিকল্পনায় এখনো গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছেন তিনি।
দক্ষিণ আফ্রিকা সফরে অস্ট্রেলিয়া তিনটি টেস্ট খেলবে। আগামী ৯ অক্টোবর ডারবানের কিংসমিডে শুরু হবে সিরিজের প্রথম ম্যাচ। দ্বিতীয় টেস্ট ১৮ অক্টোবর গকেবেরহার সেন্ট জর্জ’স পার্কে এবং সিরিজের শেষ ম্যাচ ২৭ অক্টোবর কেপটাউনের নিউল্যান্ডসে অনুষ্ঠিত হবে।
লাবুশেনের পাশাপাশি টেস্ট দলে জায়গা ধরে রেখেছেন ম্যাথু রেনশ। ট্রাভিস হেডের সঙ্গে ওপেনিংয়ে তাঁকে দেখা যেতে পারে। আগের শেফিল্ড শিল্ড মৌসুমে ১০ ইনিংসে তিনটি সেঞ্চুরি করে বাংলাদেশের বিপক্ষে সিরিজে সুযোগ পেয়েছিলেন রেনশ। তবে ম্যাকাইতে নিজের একমাত্র ইনিংসে মাত্র ৮ রান করে আউট হন তিনি।
২০১৮ সালের বল টেম্পারিং কেলেঙ্কারির পর এই প্রথম দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে অস্ট্রেলিয়া। ওই সময়ের সফরদলের পাঁচ ক্রিকেটার—প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড, স্টিভ স্মিথ ও ম্যাথু রেনশ—এবারও দলে রয়েছেন।
অস্ট্রেলিয়ার টেস্ট দলে আছেন প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোলান্ড, অ্যালেক্স ক্যারি, কুপার কনোলি, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, ম্যাথু কুনেমান, মারনাস লাবুশেন, নাথান লায়ন, মাইকেল নেসার, ম্যাথু রেনশ, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক ও বিউ ওয়েবস্টার।










