৫০তম বিসিএসের মৌখিক পরীক্ষায় অংশ নিতে খুলনা থেকে ঢাকায় আসছিলেন শেখ মিশা খাতুন; মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত হন তিনি
৫০তম বিসিএসের মৌখিক পরীক্ষায় (ভাইভা) অংশ নিতে খুলনা থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শেখ মিশা খাতুন। তবে গোপালগঞ্জের মুকসুদপুরে টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত হন তিনি। একই দুর্ঘটনায় আরও দুজনের মৃত্যু হয়।
রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার সালিনাবক্সা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শেখ মিশা খাতুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের ৩৫তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। কর্মজীবনে তিনি বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনে (বিএসটিআই) খুলনায় পরীক্ষক (কেমিক্যাল) পদে কর্মরত ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। এক শোকবার্তায় ডাকসু জানায়, কর্মজীবনে প্রতিষ্ঠিত হওয়ার পরও নিজের স্বপ্ন ও ভবিষ্যৎকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয়ে শেখ মিশা খাতুন ৫০তম বিসিএসের ভাইভায় অংশ নিতে ঢাকার পথে যাত্রা করেছিলেন। কিন্তু সেই যাত্রাই তাঁর জীবনের শেষ যাত্রায় পরিণত হয়।
শোকবার্তায় আরও বলা হয়, একজন মেধাবী শিক্ষার্থী ও সম্ভাবনাময় তরুণীর এভাবে চলে যাওয়া অত্যন্ত অপূরণীয় ক্ষতি। তাঁর স্মৃতি সবার মধ্যে দীর্ঘদিন বেঁচে থাকবে।
ডাকসুর সাধারণ সম্পাদক এস এম ফরহাদের সই করা ওই শোকবার্তায় শেখ মিশা খাতুনের বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করা হয়। একই সঙ্গে তাঁর পরিবারের সদস্য ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
একটি বিসিএস পরীক্ষার গুরুত্বপূর্ণ ধাপে অংশ নিতে যাত্রা করা শেখ মিশা খাতুনের আকস্মিক মৃত্যুতে সহপাঠী, শুভাকাঙ্ক্ষী ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।










