যৌনকর্মকে সরকারি স্বীকৃতি দিয়ে নিয়ন্ত্রিত কাঠামোর আওতায় আনার পক্ষে মত দিয়েছেন মডেল ও অভিনেত্রী পুনম পান্ডে। তাঁর দাবি, এতে নারীদের বিরুদ্ধে সংঘটিত কিছু অপরাধ কমতে পারে।
বিতর্কিত মন্তব্য ও কর্মকাণ্ডের কারণে প্রায়ই আলোচনায় থাকা মডেল ও অভিনেত্রী পুনম পান্ডে এবার যৌনকর্মের পেশাকে বৈধতা দেওয়ার পক্ষে মত দিয়ে নতুন করে আলোচনায় এসেছেন। সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে তিনি যৌনকর্মকে সরকারি স্বীকৃতি ও আইনি কাঠামোর আওতায় আনার পক্ষে নিজের মত তুলে ধরেন।
পুনমের ভাষ্য, বর্তমানে পুরুষদের মধ্যে মানসিক চাপ বেড়ে গেছে। তাঁর মতে, যৌনকর্মকে একটি নির্দিষ্ট ও নিয়ন্ত্রিত কাঠামোর মধ্যে বৈধতা দেওয়া হলে নারীদের বিরুদ্ধে সংঘটিত কিছু অপরাধ কমানো সম্ভব হতে পারে।
পডকাস্টে নিজের খোলামেলা ভিডিও নিয়েও কথা বলেন এই অভিনেত্রী। এসব ভিডিও তৈরি করাকে তিনি অন্যায় বা ‘পাপ’ হিসেবে দেখেন না। বরং এর মাধ্যমে তিনি এক ধরনের ‘সমাজসেবা’ করছেন বলে দাবি করেন।
পুনম বলেন, সারাদিনের ব্যস্ততা ও ক্লান্তির পর কেউ যদি তাঁর ভিডিও দেখে মানসিকভাবে কিছুটা স্বস্তি পান, তাহলে সেটিকে তিনি মানুষের উপকার হিসেবেই বিবেচনা করেন।
নিজের কাজ নিয়ে সমালোচনাকারীদেরও পাল্টা জবাব দেন পুনম। তাঁর দাবি, যারা প্রকাশ্যে তাঁর কর্মকাণ্ডের নিন্দা করেন, তাদের অনেকেই গোপনে তাঁর ভিডিও দেখেন। মানুষের এই দ্বিমুখী আচরণ নিয়ে তিনি উদ্বিগ্ন নন বলেও জানান।
পুনমের মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ তাঁর বক্তব্যের সমালোচনা করেছেন, আবার কেউ এটিকে আলোচনায় থাকার কৌশল হিসেবে দেখছেন।
এর আগেও বিতর্কে জড়িয়েছিলেন পুনম পান্ডে। ২০২৪ সালে জরায়ুমুখ ক্যান্সার নিয়ে সচেতনতা তৈরির কথা বলে নিজের মৃত্যুর গুজব ছড়িয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। পরে বিষয়টি প্রকাশ্যে এলে তাঁর সেই কর্মকাণ্ড নিয়ে বিতর্ক তৈরি হয়।
এবার যৌনকর্মের বৈধতা ও নিজের খোলামেলা কনটেন্ট নিয়ে মন্তব্য করে ফের আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন এই অভিনেত্রী।










