সান্তাহার রেলওয়ে জংশনে প্রবেশের সময় ট্রেনের পেছনের লাগেজ ভ্যান লাইনচ্যুত; প্রায় দুই ঘণ্টা বন্ধ ছিল ট্রেন চলাচল
বগুড়ার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে প্রবেশের সময় কুড়িগ্রাম আন্তঃনগর এক্সপ্রেসের একটি লাগেজ ভ্যান লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় কোনো যাত্রী বা ট্রেনকর্মী আহত না হলেও প্রায় দুই ঘণ্টা ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে লাইনচ্যুত বগিটি ঘটনাস্থলে রেখেই ঢাকার উদ্দেশে ছেড়ে যায় ট্রেনটি।
সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনের প্রধান রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। কুড়িগ্রাম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা ট্রেনটির পেছনের মালবাহী লাগেজ ভ্যানটি স্টেশনে প্রবেশের সময় লাইনচ্যুত হয়ে পাশের লাইনের দিকে সরে যায়।
রেলওয়ে সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম এক্সপ্রেস নির্ধারিত সময়ের প্রায় সাত ঘণ্টা বিলম্বে সান্তাহার স্টেশনে প্রবেশ করছিল। এ সময় ট্রেনটির পেছনের লাগেজ ভ্যানের বগিটি লাইনচ্যুত হয়। খবর পেয়ে রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীরা ঘটনাস্থলে গিয়ে রেললাইন সচল করার কাজ শুরু করেন।
প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সাময়িক মেরামত শেষে রাত ৯টা ১২ মিনিটে ট্রেনটি সান্তাহার স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। তবে লাইনচ্যুত মালবাহী বগিটি তখনও ঘটনাস্থলে পড়ে ছিল।
সান্তাহার স্টেশন মাস্টার খাদিজা খাতুন জানান, আপাতত লাইনচ্যুত বগিটি রেখেই ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। পরবর্তীতে বগিটি উদ্ধারের কাজ করা হবে।
সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন বলেন, বগি লাইনচ্যুত হওয়ার পর রিলিফ ট্রেনকে খবর দেওয়া হয়েছে। উদ্ধারকাজ শেষ হলে সংশ্লিষ্ট সব লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।










