কক্সবাজারে ভাড়া বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ টাকা উদ্ধার; ১৬ বছরের এক কিশোরকে হেফাজতে নেওয়া হয়েছে
কক্সবাজার সদর উপজেলার একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে কাঠের খাটের বক্সের ভেতর থেকে ৯০ হাজার পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৩৫ লাখ ২০ হাজার ৮০০ টাকা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। একই বাসা থেকে ১৬ বছর বয়সী এক কিশোরকেও হেফাজতে নেওয়া হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের পাওয়ার হাউসসংলগ্ন উত্তর হাজীপাড়া এলাকার একটি নির্মাণাধীন ভবনে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন টেকনাফের পশ্চিম পানখালী এলাকার বাসিন্দা আশিক মোমেন (২৩) ও তাঁর স্ত্রী সাদিয়া ফারহানা (২৩)। তাঁরা ওই নির্মাণাধীন ভবনের একটি বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। তাঁদের সঙ্গে থাকা ১৬ বছর বয়সী কিশোরের বাড়িও টেকনাফে বলে জানিয়েছে ডিএনসি।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কক্সবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক সোমেন মন্ডল জানান, সুনির্দিষ্ট গোপন তথ্যের ভিত্তিতে ওই বাসায় অভিযান চালানো হয়। তল্লাশির একপর্যায়ে আশিক মোমেনের শয়নকক্ষে থাকা কাঠের খাটের বক্সে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৯০ হাজার ইয়াবা বড়ি পাওয়া যায়।
এ সময় মাদক বিক্রির নগদ ৩৫ লাখ ২০ হাজার ৮০০ টাকা এবং মাদক কারবারে ব্যবহৃত তিনটি মুঠোফোনও জব্দ করা হয়।
ডিএনসি জানায়, এ ঘটনায় সোমবার বিকেলে গ্রেপ্তার দম্পতির বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
মাদক কারবারের সঙ্গে জড়িত অন্য সহযোগীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। উদ্ধার হওয়া বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ অর্থের উৎস এবং এ ঘটনায় কিশোরটির সম্পৃক্ততার বিষয়ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খতিয়ে দেখছে।










