ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে সাজা; মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার ঘোষণা প্রশাসনের
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদকবিরোধী অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য-সংক্রান্ত অপরাধে জড়িত আটজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
রূপগঞ্জ উপজেলা প্রশাসনের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদকদ্রব্য-সংক্রান্ত অপরাধে জড়িতদের আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতের রায়ে মো. মাসুদ (৪২) ও মো. রিয়াজুল ইসলাম (২৪)কে ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই মেয়াদে সাজা পেয়েছেন মো. মাসুদ (৪০) ও মো. সজীব (৩০)।
এ ছাড়া মো. আলমগীর (৩৮)কে এক মাস, মো. মাসুম (৪২)কে ছয় মাস এবং মো. আওলাদ হোসেন (৩০) ও মো. ইউসুফ (৩৪)কে চার মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম।
উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকের অপব্যবহার ব্যক্তি, পরিবার ও সামগ্রিক সমাজের জন্য ক্ষতিকর। মাদকের বিস্তার ঠেকাতে নিয়মিত আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, মাদকবিরোধী কার্যক্রমকে আরও জোরদার করা হবে। মাদকের ব্যবহার, বিস্তার ও সংশ্লিষ্ট অপরাধ নিয়ন্ত্রণে রূপগঞ্জ উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।










