বাঁধনের ওপর হামলার প্রসঙ্গ তুলে দলটিকে রাজনীতি করতে দেওয়া উচিত কি না, তা নিয়ে নতুন করে ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার
আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে মনে করেন না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি দলটিকে ‘মাফিয়া গ্যাং’ হিসেবে আখ্যায়িত করেছেন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
ডা. জাহেদ বলেন, আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে বিবেচনা করে বাংলাদেশে তাদের রাজনীতি করার সুযোগ দেওয়া উচিত কি না, সাম্প্রতিক কিছু ঘটনার পর তা নতুন করে ভাবা প্রয়োজন। বাঁধনের ওপর হামলার প্রসঙ্গ তুলে তিনি বলেন, আওয়ামী লীগের কর্মকাণ্ডের পরও যদি তাদের ন্যূনতম দুঃখবোধ বা রাজনীতিতে ফেরার ইচ্ছা থাকত, তাহলে এ ধরনের সহিংসতা ঘটত না।
বাঁধনের ওপর হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া সরকার শুরু করেছে বলেও জানান তথ্য উপদেষ্টা। তার ভাষ্য, ঘটনাটি কোনোভাবেই ছেড়ে দেওয়া হবে না এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ব্রিফিংয়ে দেশের লোডশেডিং পরিস্থিতি নিয়েও কথা বলেন ডা. জাহেদ। তিনি জানান, ২০২৬ সালের জুন-জুলাইয়ে গড় লোডশেডিং ২০২৩ সালের একই সময়ের তুলনায় কম ছিল। তবে ঢাকার মতো বড় শহরেও কিছুটা লোডশেডিং হওয়া স্বাভাবিক বলে মন্তব্য করেন তিনি। তার মতে, ঢাকায় অর্থনৈতিক কর্মকাণ্ড বেশি হওয়ায় বিদ্যুতের চাহিদাও বেশি, তাই একেবারেই লোডশেডিং হবে না—এমন প্রত্যাশা ঠিক নয়।
সার সংকট প্রসঙ্গে তথ্য উপদেষ্টা জানান, বর্তমানে দেশে ১২ দশমিক ২৯৪ লাখ মেট্রিক টন সার মজুত রয়েছে, যা গত বছরের প্রায় সাড়ে ১১ লাখ মেট্রিক টনের তুলনায় বেশি। তার দাবি, সার মজুতে কোনো সংকট নেই; তবে বিতরণ ব্যবস্থায় কিছু সমস্যা হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়মিত কার্যক্রম চালিয়ে যাচ্ছে। পাশাপাশি অস্ত্র উদ্ধারের কাজও চলমান রয়েছে।
এ সময় গ্যাস ও এলএনজি সরবরাহ নিয়েও কথা বলেন ডা. জাহেদ। তিনি জানান, দেশে অতিরিক্ত এলএনজি আমদানির সক্ষমতা সীমিত, কারণ পর্যাপ্ত এফএসআরইউ নেই। জরুরি ভিত্তিতে চীনের কাছে একটি এফএসআরইউর অর্ডার দেওয়া হয়েছে, যা দেড় বছরের মধ্যে দেশে আসবে বলে আশা করা হচ্ছে। তিনি বলেন, এ ক্ষেত্রে খরচের চেয়ে জরুরি প্রয়োজনকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।
অন্তর্বর্তী সরকারের সময় স্থলভাগের গ্যাস ও এফএসআরইউ নিয়ে আরও দীর্ঘমেয়াদি পদক্ষেপ নেওয়া প্রয়োজন ছিল বলেও মন্তব্য করেন তিনি।










