সাংবাদিকদের আন্দোলনের মুখে ২৪ ঘণ্টার মধ্যেই পাবনা জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশিদুল ইসলামকে বদলি করা হয়েছে। তাকে পাবনা থেকে সরিয়ে রংপুর রেঞ্জে সংযুক্ত করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির স্বাক্ষরিত এক আদেশে তাকে বদলির নির্দেশ দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ।
বদলির আদেশে বলা হয়েছে, জনস্বার্থে রাশিদুল ইসলামকে রংপুর রেঞ্জে বদলি করা হয়েছে। তাকে আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে ছাড়পত্র নিয়ে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ছাড়পত্র গ্রহণ না করলে ২০ সেপ্টেম্বর থেকে তিনি তাৎক্ষণিকভাবে অবমুক্ত হিসেবে গণ্য হবেন।
সম্প্রতি নাফিসা নামের এক তরুণী পাবনা প্রেস ক্লাবের সম্পাদক জহুরুল ইসলামের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলে একটি ভিডিও প্রকাশ করেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তিনি পাবনা সদর থানায় অভিযোগ করেন। ভিডিওটি পাবনা জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে ধারণ করা হয়েছিল বলে জানা যায়।
পরবর্তীতে ওই তরুণী ভিডিওবার্তা ও সংবাদ সম্মেলনে দাবি করেন, সুবর্ণা হালিম নামের এক নারী নেত্রী তাকে জিম্মি করে ভিত্তিহীন অভিযোগ করতে বাধ্য করেছিলেন। তার ভাষ্য অনুযায়ী, ডিবি কার্যালয়ের ভেতরে তার বাবা মায়ের সামনে সোহেল রানা বিপ্লব নামের এক ব্যক্তি ওই বক্তব্যের ভিডিও ধারণ করেন। পরে তিনি থানায় দেওয়া অভিযোগ প্রত্যাহার করেন।
এ ঘটনায় ডিবি ওসি রাশিদুল ইসলামের বিরুদ্ধে সাংবাদিকদের জিম্মি করা এবং বানোয়াট অভিযোগ তৈরিতে মদদ দেওয়ার অভিযোগ ওঠে। তবে এসব অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে নির্ধারিত হবে।
সাংবাদিক নেতাদের অভিযোগ, পাবনায় মাদক ব্যবসা, জমি দখল ও ব্ল্যাকমেইলিংয়ের বিরুদ্ধে সাংবাদিকরা অবস্থান নেওয়ায় একটি অসাধু চক্র তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে।
এর আগে রোববার (১৩ সেপ্টেম্বর) পাবনা প্রেস ক্লাবের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে ডিবি ওসির তাৎক্ষণিক প্রত্যাহার ও শাস্তির দাবি জানানো হয়। পরে শতাধিক সংবাদকর্মী পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেন।
পুলিশ সুপার আবু আশ্রাফ জানান, রাশিদুল ইসলামের বিরুদ্ধে ওঠা অভিযোগ যাচাই করতে জেলা পুলিশের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি কাজ করছে। এর মধ্যেই পুলিশ সদর দপ্তর থেকে তার বদলির আদেশ এসেছে।
পাবনা প্রেস ক্লাবের সভাপতি আখতারুজ্জামান বলেন, সাংবাদিকদের পক্ষ থেকে ডিবি ওসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছিল। তার বদলির সিদ্ধান্তকে তিনি স্বাগত জানান এবং অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।










