ঢালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়ার ক্যারিয়ারে যুক্ত হতে যাচ্ছে নতুন এক অধ্যায়। আলোচিত সিনেমা ‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন এই অভিনেত্রী। নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর একটি মামলা ঘিরে নির্মিত কোর্টরুম ড্রামা ঘরানার সিনেমাটি পরিচালনা করছেন রায়হান খান।
‘ট্রাইব্যুনাল’ সিনেমায় একজন ব্যারিস্টারের চরিত্রে অভিনয় করার কথা ছিল নুসরাত ফারিয়ার। গত বছর সিনেমাটির সঙ্গে যুক্ত হয়েছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত অভ্যন্তরীণ সমস্যার কারণে সিনেমাটিতে আর অভিনয় করছেন না বলে জানিয়েছেন অভিনেত্রী নিজেই।
গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে নুসরাত ফারিয়া জানিয়েছেন, তিনি ‘ট্রাইব্যুনাল’ সিনেমা থেকে সরে দাঁড়িয়েছেন। তবে কী ধরনের অভ্যন্তরীণ সমস্যার কারণে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।
এদিকে পুরোনো কাজ থেকে সরে দাঁড়ালেও নতুন সিনেমা নিয়ে ব্যস্ত হতে যাচ্ছেন নুসরাত ফারিয়া। ‘লজ্জা’ নামের একটি নতুন সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি। সিনেমাটিতে তার সহশিল্পী হিসেবে থাকছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। নতুন এই সিনেমার খবর প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে কাজটি নিয়ে কৌতূহল তৈরি হয়েছে।
ক্যারিয়ারের শুরু থেকেই ভিন্ন ভিন্ন মাধ্যমে নিজের পরিচয় তৈরি করেছেন নুসরাত ফারিয়া। উপস্থাপনার মাধ্যমে পরিচিতি পাওয়ার পর মডেলিং ও অভিনয়ে নিজের অবস্থান তৈরি করেন তিনি। ‘আশিকী’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেকের পর ‘হিরো ৪২০’, ‘বাদশা দ্য ডন’, ‘বস ২’, ‘পটাকা’ ও ‘শাহেনশাহ’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন।
বাংলাদেশের পাশাপাশি কলকাতার সিনেমাতেও কাজ করেছেন নুসরাত ফারিয়া। বাণিজ্যিক সিনেমার নায়িকা হিসেবে পরিচিত হলেও সময়ের সঙ্গে ভিন্ন ধরনের চরিত্রে কাজ করার আগ্রহ দেখিয়েছেন তিনি। অভিনয়ের পাশাপাশি গানেও তার উপস্থিতি রয়েছে। নিজের কণ্ঠে গান প্রকাশের পাশাপাশি মিউজিক ভিডিওতেও কাজ করেছেন এই অভিনেত্রী।










