দেশের বিভিন্ন অঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে পটুয়াখালীতেও পরিস্থিতির অবনতি হচ্ছে। জেলার কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাত্র ৩৭ ঘণ্টায় অন্তত ২১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১০ জন নারী ও ১১ জন পুরুষ। হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত দুই দিনে রোগী ভর্তির এই সংখ্যা আগের সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।
হাসপাতালে বর্তমানে প্রতিদিন গড়ে ৫ থেকে ৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছেন। ফলে সীমিত জনবল ও শয্যা নিয়ে রোগীদের চিকিৎসাসেবা দিতে চিকিৎসক ও নার্সদের হিমশিম খেতে হচ্ছে। অনেক রোগী সাধারণ জ্বর নিয়ে হাসপাতালে চিকিৎসার জন্য এলেও পরীক্ষা করার পর তাদের শরীরে ডেঙ্গুর সংক্রমণ শনাক্ত হচ্ছে।
কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যার। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, বর্তমানে ধারণক্ষমতার তুলনায় বেশি রোগী চিকিৎসা নিচ্ছেন। ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় নির্দিষ্ট ওয়ার্ডে অতিরিক্ত রোগীদের ব্যবস্থাপনা করতেও সমস্যায় পড়তে হচ্ছে। পাশাপাশি ডেঙ্গু রোগীদের চিকিৎসায় প্রয়োজনীয় স্যালাইনের ঘাটতিও দেখা দিয়েছে।
হাসপাতালের পরিসংখ্যান অনুযায়ী, চলতি সেপ্টেম্বর মাসে এখন পর্যন্ত ৬৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে রোববার একদিনেই রাত ১২টা পর্যন্ত ১৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হন। এরপর সোমবার বিকেল ৫টা পর্যন্ত মাত্র ১২ ঘণ্টায় আরও ছয়জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চারজন নারী ও দুজন পুরুষ।
হাসপাতালে গিয়ে দেখা যায়, দ্বিতীয় তলার ডেঙ্গু ওয়ার্ডে একাধিক রোগী মশারির ভেতরে চিকিৎসা নিচ্ছেন। আক্রান্তদের মধ্যে তরুণ ও মধ্যবয়সীদের পাশাপাশি উল্লেখযোগ্যসংখ্যক নারী রোগীও রয়েছেন।
চিকিৎসাধীন রোগীদের কয়েকজন হাসপাতালের শয্যা, মশারি ও ওষুধ সরবরাহ নিয়ে সমস্যার কথা জানিয়েছেন। তাদের অভিযোগ, প্রয়োজনীয় কিছু সামগ্রী পেতে দেরি হচ্ছে এবং বেশ কিছু ওষুধ বাইরে থেকে কিনতে হচ্ছে।
কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তেন মং জানান, বর্তমানে ডেঙ্গু ওয়ার্ডে ২২ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। বিদ্যুৎ বিভ্রাটের কারণে রোগীদের কিছুটা সমস্যায় পড়তে হচ্ছে এবং স্যালাইনের ঘাটতিও রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় হাসপাতাল কর্তৃপক্ষ কাজ করছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে জনসচেতনতা বাড়ানো জরুরি। বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ এবং মশার বংশবিস্তার রোধে সবাইকে সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।ডেঙ্গুর নতুন রেড জোন পটুয়াখালীর কলাপাড়া










