২০২৬ ২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের প্রথম পর্যায়ের ফল আজ বুধবার ১৬ সেপ্টেম্বর রাত ৮টায় প্রকাশ করা হবে। অনলাইনে প্রকাশিত এই ফলাফলের মাধ্যমে শিক্ষার্থীরা জানতে পারবেন তারা কোন কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন। নির্বাচিত শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি নিশ্চয়ন সম্পন্ন করতে হবে।
শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ১৮ সেপ্টেম্বর রাত ৮টার মধ্যে ভর্তি নিশ্চয়ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চয়ন না করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর নির্বাচন এবং আবেদন বাতিল হয়ে যাবে। এরপর পছন্দক্রমের ভিত্তিতে মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ১৯ সেপ্টেম্বর রাত ৮টায়।
ভর্তি কার্যক্রম চলবে ২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। এরপর আগামী ২৩ সেপ্টেম্বর থেকে দেশের বিভিন্ন কলেজে একাদশ শ্রেণির নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে।
একাদশ শ্রেণির ভর্তি ফল দেখবেন যেভাবে
শিক্ষার্থীরা ঘরে বসেই অনলাইনের মাধ্যমে ভর্তি ফলাফল দেখতে পারবেন। এজন্য প্রথমে একাদশ শ্রেণির ভর্তির সরকারি ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। ওয়েবসাইটের হোমপেজে থাকা ‘View Result’ অপশনে ক্লিক করতে হবে।
এরপর নির্ধারিত ঘরে এসএসসি বা সমমান পরীক্ষার রোল নম্বর, শিক্ষা বোর্ডের নাম, পাসের সাল এবং রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে। এরপর স্ক্রিনে প্রদর্শিত নিরাপত্তা ক্যাপচা কোড সঠিকভাবে নির্ধারিত স্থানে লিখে ‘Submit’ বাটনে ক্লিক করতে হবে। সব তথ্য সঠিক থাকলে পরবর্তী স্ক্রিনে শিক্ষার্থীর ভর্তি ফলাফল দেখা যাবে। সেখানে নির্বাচিত কলেজের নাম ও ভর্তিসংক্রান্ত তথ্য পাওয়া যাবে।
বোর্ডের তথ্য অনুযায়ী, গত ২ সেপ্টেম্বর একাদশ শ্রেণির ভর্তি আবেদন শুরু হয় এবং ১৩ সেপ্টেম্বর রাত ৮টায় আবেদন গ্রহণ শেষ হয়। ভর্তি নীতিমালা অনুযায়ী, শিক্ষার্থীরা সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দের তালিকায় রাখতে পেরেছেন।
এবার একাদশ শ্রেণিতে ভর্তির জন্য মোট ৯ লাখ ৯৫ হাজার ২৩৪ জন শিক্ষার্থী আবেদন করেছেন। ফল প্রকাশের পর নির্বাচিত শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চয়ন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।










