ফরিদপুরের ভাঙ্গায় কার পার্কিং নিয়ে তর্কের জেরে এক পথচারীকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ার ঘটনায় মো. হামিদুল গাজী (৪২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে ঘটনায় ব্যবহৃত ২২ বোরের রিভলবারটিও উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, গত ১৭ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে ভাঙ্গা পৌরসভার সামনে ঢাকা খুলনা মহাসড়কে একটি প্রাইভেটকার থামান হামিদুল। এ সময় গাড়িতে তার সঙ্গে এক নারী যাত্রী ছিলেন। গাড়ি পার্কিং নিয়ে এক পথচারীর সঙ্গে তার তর্ক হয়। একপর্যায়ে গাড়িতে বসেই ওই পথচারীকে লক্ষ্য করে নিজের রিভলবার দিয়ে দুই রাউন্ড গুলি ছোড়েন তিনি।
ঘটনার একটি ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি নজরে আসার পর পুলিশ হামিদুলের পরিচয় শনাক্ত করে তদন্ত শুরু করে। এরপর গত ১০ সেপ্টেম্বর ভাঙ্গা থানায় অস্ত্র আইন ও দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়।
পুলিশ জানায়, গত ১৫ সেপ্টেম্বর র্যাবের সহায়তায় ঢাকার বনানী এলাকা থেকে হামিদুলকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার সঙ্গে থাকা নারী যাত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয় এবং গুলির ঘটনায় ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়। পুলিশের দাবি, হামিদুলের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় আরও নয়টি মামলা রয়েছে।
জিজ্ঞাসাবাদে হামিদুল অস্ত্রটি মুন্সিগঞ্জের লৌহজংয়ে তার বাড়ির একটি পরিত্যক্ত টয়লেটে রাখা হয়েছে বলে জানান। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে রিভলবারটি উদ্ধার করে পুলিশ।
ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী জানান, ঘটনার বিস্তারিত রহস্য উদঘাটন এবং আইনগত প্রক্রিয়া সম্পন্ন করতে মামলার তদন্ত চলছে।









