চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এমএ খালেককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে চিকিৎসার জন্য ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশন চেকপোস্টে তার পাসপোর্ট যাচাই করে বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞার তথ্য পাওয়া যায়। পরে গোয়েন্দা সংস্থার মাধ্যমে তার বিষয়ে খোঁজ নিয়ে একাধিক মামলার তথ্য পাওয়ার কথা জানায় পুলিশ।
ইমিগ্রেশন পুলিশের এসআই তারেক জানান, মেডিকেল ভিসায় ভারতে যাওয়ার জন্য দর্শনা চেকপোস্টে আসেন এমএ খালেক। কাগজপত্র যাচাইয়ের সময় তার পাসপোর্টে বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা রয়েছে বলে জানা যায়। এরপর বিষয়টি মেহেরপুরের গাংনী থানা পুলিশ ও গোয়েন্দা সংস্থাকে জানানো হয়।
পরে মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টে গিয়ে তাকে গাংনী থানার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে নিয়ে যান। পুলিশের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১৩ এপ্রিল গাংনী থানায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এমএ খালেক গাংনী বাজারের থানা রোড এলাকার মোজাহার আলী বিশ্বাসের ছেলে। তিনি মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং গাংনী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।
এদিকে এমএ খালেকের ছেলে আসিফ রেজা দাবি করেন, তার বাবা দীর্ঘদিন ধরে অসুস্থ এবং হৃদরোগে আক্রান্ত। বাইপাস সার্জারির জন্য তাকে ভারতে নেওয়া হচ্ছিল। তার দাবি, বাবার বিরুদ্ধে যেসব মামলা রয়েছে, সেগুলোতে তিনি জামিনে আছেন।
তবে বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা এবং গাংনী থানার মামলার বিষয়টি উল্লেখ করে পুলিশ তাকে আটক করে পরবর্তী আইনগত প্রক্রিয়া শুরু করেছে।










