সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও রেকর্ডের ঘটনায় ঢাকা মহানগর পুলিশের ক্যান্টনমেন্ট থানার ওসি মো. রাকিবুল ইসলামের বিরুদ্ধে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা ও গ্রেপ্তারের দাবি জানিয়ে লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ন্যাশনাল ল’ ইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী অ্যাডভোকেট এস এম জুলফিকার আলী জুনু এ নোটিশ পাঠান। স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক এবং ঢাকা মহানগর পুলিশ কমিশনারের কাছে নোটিশটি পাঠানো হয়েছে।
নোটিশে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচারিত অডিওটির সত্যতা, উৎস এবং সেটি সম্পাদনা বা বিকৃত করা হয়েছে কি না, তা নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে যাচাইয়ের দাবি জানানো হয়েছে। পাশাপাশি অডিওটির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা তদন্তের আওতায় আনার কথাও বলা হয়েছে।
নোটিশে আরও বলা হয়েছে, তদন্তে রাষ্ট্রদ্রোহের অপরাধের আইনগত উপাদান ও প্রমাণ পাওয়া গেলে প্রচলিত আইনে মামলা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে প্রাথমিকভাবে কোনো অপরাধের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেপ্তারের জন্য আইনানুগ ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়েছে।
তদন্তের স্বার্থে প্রয়োজন হলে সংশ্লিষ্ট ব্যক্তির দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের বিষয়েও যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন করার কথা বলা হয়েছে। পাশাপাশি তদন্তের অগ্রগতি ও গৃহীত ব্যবস্থা সম্পর্কে জনস্বার্থে যথাসম্ভব স্বচ্ছতা বজায় রাখার অনুরোধ জানানো হয়েছে।
অ্যাডভোকেট এস এম জুলফিকার আলী জুনু বলেন, প্রচারিত অডিওটির প্রকৃত সত্য উদঘাটনে নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত প্রয়োজন। তদন্তে কোনো অপরাধের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া উচিত।









