প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের একান্ত সচিব (পিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন সিনিয়র সহকারী সচিব সাইফুল ইসলাম জয়।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব ড. গোলাম মোর্শেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব পালন করা সাইফুল ইসলাম জয়কে বদলিপূর্বক প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের একান্ত সচিব পদে পদায়ন করা হয়েছে। এর আগে তিনি মন্ত্রিপরিষদ বিভাগে বদলির আদেশাধীন ছিলেন।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
সাইফুল ইসলাম জয় বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। মাঠপর্যায়ের তরুণ প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের সংগঠন ইয়োফাসের (ইয়ং অফিসার্স অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিস) সেক্রেটারি এবং ৩৪তম বিসিএস অল ক্যাডার অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।
নতুন পদায়নের ফলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের দাপ্তরিক কার্যক্রমে একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।










