কুড়িগ্রাম শহরের পূর্বপ্রান্তে ধরলা সেতুর ওপর ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত দুজনই কলেজছাত্র বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কুড়িগ্রাম সদর উপজেলার কাচিচর এলাকার নূর ইসলামের ছেলে খালিদ (২১) এবং আফছার আলীর ছেলে ফারুক (২৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খালিদ ও ফারুক মোটরসাইকেলে করে কুড়িগ্রাম শহর থেকে বাড়ি ফিরছিলেন। ধরলা সেতুর ওপর পৌঁছালে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে দুজন গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। পরে রংপুরে নেওয়ার পথে দুজনেরই মৃত্যু হয়।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার পর বাসটি ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। এখন পর্যন্ত বাসটি শনাক্ত বা আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।










