পটুয়াখালীর রাঙ্গাবালীতে সবজি গাছ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মো. সোহাগ (৩০) নামে এক যুবক আহত হয়েছেন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের তিল্লা গ্রামে এ ঘটনা ঘটে। আহত সোহাগকে পরে গলাচিপা সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, শুক্রবার বিকেলে তাদের ঢ্যাঁড়স গাছ কাটাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। শনিবার সকালে বিষয়টি নিয়ে কথা বলতে গেলে বজলু মাতুব্বরের সঙ্গে কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়। একপর্যায়ে তার ছেলে যুবরাজ ও সুমন সেখানে এসে সোহাগকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেন এবং পরে লাঠি দিয়ে মাথায় আঘাত করেন বলে অভিযোগ করা হয়েছে।
সোহাগের দাবি, আঘাতের পর তার মাথা ফেটে যায় এবং তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। প্রত্যক্ষদর্শীরাও তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পাওয়ার কথা জানিয়েছেন।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন বজলু মাতুব্বর, যুবরাজ, সুমন ও লিখন। তাদের দাবি, উল্টো তাদেরই ডেকে নিয়ে মারধর করা হয়েছে। যুবরাজকেও গাছের ডাল দিয়ে আঘাত করা হয়েছে বলে দাবি করেন বজলু মাতুব্বর।
ঘটনার পর ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে রাঙ্গাবালী চৌকি আদালতে সিআর মামলা এবং থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
রাঙ্গাবালী থানার ওসি জসিম উদ্দিন জানান, এ ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।










