চট্টগ্রামের কোতোয়ালি থানার পেছনের সতীশ বাবু লেনে এক রিকশাযাত্রীকে ছুরি দেখিয়ে জিম্মি করে ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দুই ব্যক্তি ছুরি হাতে একটি রিকশা থামিয়ে যাত্রীর কাছ থেকে টাকা ও মুঠোফোন নেওয়ার চেষ্টা করছেন। একপর্যায়ে পকেট থেকে জিনিস বের করতে না পারায় একজন ছুরি দিয়ে ওই যাত্রীর প্যান্টের পকেট কেটে ফেলেন। এ সময় অন্য একজন ছিনতাইকারী ছুরি হাতে তাকে জিম্মি করে রাখেন।
ভিডিওতে ওই যাত্রীকে আতঙ্কিত অবস্থায় বারবার বলতে শোনা যায়, ‘আরে ভাই, দিতাছি তো।’ একপর্যায়ে যাত্রী নড়াচড়া করলে তার বাঁ পায়ে ছুরি দিয়ে আঘাত করা হয় বলে ভিডিওতে দেখা যায়। পরে পকেট কেটে সেখান থেকে জিনিসপত্র নিয়ে নেয় ছিনতাইকারীরা।
ঘটনার সময় আশপাশের কয়েকজন বাসিন্দা বিষয়টি দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। ভবনের ওপর থেকে স্থানীয়দের চিৎকার শুনে দুই ব্যক্তি একটি ব্যাটারিচালিত অটোরিকশায় উঠে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে জানা গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ঘটনাটি শনিবার ভোরে ঘটেছে বলে দাবি করা হলেও ঘটনার সঠিক সময় নিশ্চিত করতে পারেনি পুলিশ। একই সঙ্গে ছিনতাইকারীদের পরিচয়ও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নূর বলেন, ছিনতাইয়ের ভিডিওটি পুলিশের নজরে এসেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো ভুক্তভোগী থানায় এসে অভিযোগ করেননি। বিষয়টি জানার পর এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে বলে জানান তিনি।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। পুলিশ ভিডিওটি যাচাই করে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে বলে জানা গেছে।










