বিশ্বকাপের পর প্রথম আন্তর্জাতিক উইন্ডোতে আর্জেন্টিনার তিনটি প্রীতি ম্যাচকে ‘ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ফার্স্ট লেভেল’ হিসেবে অনুমোদন দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) আবেদনের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই সিদ্ধান্তের কারণে নিষেধাজ্ঞায় থাকা কয়েকজন আর্জেন্টাইন খেলোয়াড়ের জন্য ম্যাচগুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে ম্যাচের পরের ঘটনায় লিয়ান্দ্রো পারেদেস ১০ ম্যাচ, নাহুয়েল মোলিনা ৭ ম্যাচ এবং থিয়াগো আলমাদা ১ ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন। কোচ লিওনেল স্কালোনির সহকারী রবার্তো আয়ালাও পেয়েছেন তিন ম্যাচের নিষেধাজ্ঞা।
ফিফার নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট শর্ত পূরণ করলে আন্তর্জাতিক প্রীতি ম্যাচেও নিষেধাজ্ঞা কার্যকর হতে পারে। এ কারণেই আসন্ন তিন ম্যাচকে প্রথম স্তরের আন্তর্জাতিক প্রীতি ম্যাচ হিসেবে স্বীকৃতি দেওয়ার আবেদন করেছিল এএফএ। কনমেবল অনুমোদিত নথিতে ম্যাচগুলোকে ওই শ্রেণিতে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছে এএফএ।
সূচি অনুযায়ী, ৩০ সেপ্টেম্বর কর্দোবার মারিও আলবের্তো কেম্পেস স্টেডিয়ামে বলিভিয়ার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। ২ অক্টোবর বুরকিনা ফাসোর বিপক্ষে ম্যাচটি হওয়ার কথা বুয়েনস এইরেসে। এরপর ৬ অক্টোবর মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলে বিদায় নেওয়ার কথা বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসির।










