রাজধানীর মিরপুর ১১ নম্বরে চলন্ত একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে জমজম টাওয়ারের পাশে শিকড় পরিবহনের বাসটিতে আগুন লাগে।
ফায়ার সার্ভিস জানায়, সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে বাসে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে বাসটির যান্ত্রিক ত্রুটির কারণে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
তবে ঘটনাটি এমন সময়ে ঘটেছে, যখন আগের দিন রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এসব ঘটনার পর ঢাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
রাজধানীর বিভিন্ন স্থানে দুই শতাধিক চেকপোস্ট বসানো হয়েছে। এসব চেকপোস্টে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানোর পাশাপাশি প্রয়োজন অনুযায়ী জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
মিরপুরে বাসে আগুনের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানা যেতে পারে।










