টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও যৌথ দায়িত্ববোধের ভিত্তিতে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
জাতিসংঘ আয়োজিত ‘এসডিজি মোমেন্ট’ অনুষ্ঠানে পাঠানো এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান। শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর প্রেস বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তার বক্তব্যের বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়।
ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, এসডিজি অর্জনের পথে বিশ্ব অনেকটাই পিছিয়ে রয়েছে। নির্ধারিত লক্ষ্যমাত্রা বাস্তবায়নে এখন কার্যকর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এ ক্ষেত্রে বিশ্বের দেশগুলোকে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একযোগে কাজ করার ওপর গুরুত্ব দেন তিনি।
এসডিজি বাস্তবায়নে আন্তর্জাতিক অংশীদারিত্ব আরও শক্তিশালী করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন দেশের অভিজ্ঞতা বিনিময় এবং সম্মিলিত উদ্যোগের মাধ্যমে উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের পথকে আরও কার্যকর করা সম্ভব। একই সঙ্গে উন্নয়নশীল দেশগুলোর প্রয়োজন ও বাস্তবতা বিবেচনায় নিয়ে সহযোগিতার পরিধি বাড়ানোর গুরুত্বও তুলে ধরেন তিনি।
জাতিসংঘের ‘এসডিজি মোমেন্ট’ অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা ভিডিও বার্তার মাধ্যমে অংশ নেন। এতে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নের অগ্রগতি, বিদ্যমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে বিভিন্ন দেশের পক্ষ থেকে মতামত তুলে ধরা হয়।
জাতিসংঘের ২০১৫ সালে গৃহীত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় ২০৩০ সালের মধ্যে দারিদ্র্য দূরীকরণ, ক্ষুধামুক্তি, মানসম্মত শিক্ষা, স্বাস্থ্যসেবা, জলবায়ু মোকাবিলা এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নসহ ১৭টি লক্ষ্য অর্জনের কথা বলা হয়েছে।
এদিকে আগামী সোমবার (২১ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। সেখানে বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে বাংলাদেশের অবস্থান তুলে ধরার পাশাপাশি দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বিভিন্ন বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে।










