ফরিদপুরে অনুমোদন ছাড়া ওষুধ তৈরি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফরিদপুর জেলা কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বায়েজিদ হোসেন শাহেদকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। পরে তাকে ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফরিদপুর শহরের গোয়ালচামট মোল্লাবাড়ি সড়ক এলাকায় শাহেদের মালিকানাধীন ‘মেসার্স জনতা ল্যাবরেটরিজ’ নামের একটি কারখানায় অভিযান চালায় জেলা প্রশাসন। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইনসানা তানজীন ইকো।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কারখানাটির ড্রাগ ও ট্রেড লাইসেন্সের মেয়াদ ২০২২ সালের সেপ্টেম্বরে শেষ হওয়ার পর তা নবায়ন করা হয়নি। এরপরও অনুমোদন ছাড়াই প্রতিষ্ঠানটি পরিচালনার অভিযোগ ওঠে। অভিযানে শিশুদের বেবি জেল, যৌন উত্তেজক ওষুধসহ বিভিন্ন ধরনের আয়ুর্বেদিক ওষুধ তৈরি ও সংরক্ষণের প্রমাণ পাওয়ার কথা জানানো হয়েছে। বিপুল পরিমাণ অবৈধ ওষুধও জব্দ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ইনসানা তানজীন ইকো জানান, কারখানায় ওষুধ তৈরির উপযুক্ত পরিবেশ ও প্রয়োজনীয় কেমিস্ট না থাকাসহ বিভিন্ন অনিয়ম পাওয়া যায়। অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারা লঙ্ঘনের অভিযোগে অভিযান পরিচালনা করা হয়।
এ ঘটনায় এনসিপির ফরিদপুর জেলা কমিটির সদস্যসচিব সাইফ হাসান খান জানিয়েছেন, দলের কোনো সদস্য অন্যায় করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে এবং বিষয়টি কেন্দ্রীয় নেতাদের জানানো হবে।










