দেশের বিভিন্ন এলাকায় আগামীকাল শুক্রবার পর্যন্ত বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে সাগর উত্তাল থাকায় দেশের চার সমুদ্রবন্দরে ৪ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) আবহাওয়াবিদ বজলুর রশীদ জানান, সাগরে থাকা গভীর নিম্নচাপ স্থলভাগে উঠে আসার পর দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত হচ্ছে। এর প্রভাবে সাগরও উত্তাল থাকতে পারে। এ কারণে সমুদ্রবন্দরগুলোতে সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক এলাকাতেও বৃষ্টি হতে পারে।
আবহাওয়াবিদ বজলুর রশীদ জানান, দেশের পশ্চিমাঞ্চলে বৃষ্টির প্রবণতা তুলনামূলক বেশি থাকতে পারে। পূর্বাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম।
চলমান বৃষ্টি শুক্রবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন তিনি। এরপর শনিবার থেকে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমে আসতে পারে। পরবর্তী প্রায় এক সপ্তাহ দেশের আবহাওয়া তুলনামূলক শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এ সময় তাপমাত্রাও বাড়তে পারে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, বর্ষা বিদায়ের আগে অক্টোবরের প্রথম ভাগে দেশের বিভিন্ন এলাকায় আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।










