রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানের সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার (২৭ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। ঢাকা মহানগরের বিভিন্ন থানার ওসি বদলি ও শাহ আলী থানার ওসি প্রত্যাহারের প্রসঙ্গে সাংবাদিকরা জানতে চান, শুধু বদলি করলেই সমস্যার সমাধান হয় কি না।
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রশাসনিক কারণ, কর্তব্যে অবহেলা কিংবা কোনো বিষয়ে সংশ্লিষ্টতা পাওয়া গেলে কর্মকর্তাদের বদলি করা হয়। তবে বদলিই শেষ ব্যবস্থা নয়। বদলির পর সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় কার্যক্রমও নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল হাসানের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তার বিরুদ্ধে তদন্ত ও ফরেনসিক পরীক্ষা হয়েছে। একাধিক সংস্থা বিষয়টি তদন্ত করেছে। পরে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং বিভাগীয় কার্যক্রমও চলছে। একই সঙ্গে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা দায়ের ও গ্রেপ্তারের কথাও জানান তিনি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাকিবুল হাসানের সঙ্গে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিওকে কেন্দ্র করে আলোচনায় আসেন রাকিবুল হাসান। ওই অডিওতে পুলিশের পদায়ন, অভ্যন্তরীণ পরিস্থিতি ও কর্মকর্তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতাসহ বিভিন্ন বিষয়ে বক্তব্য শোনা যায়। ওসি পদায়নে অর্থ লেনদেন এবং প্রভাবশালী ব্যক্তিদের মাধ্যমে পোস্টিংয়ের অভিযোগও অডিওতে উঠে আসে।
অডিওটি নিয়ে তদন্তের পর রাকিবুল হাসানকে ক্যান্টনমেন্ট থানার ওসি পদ থেকে প্রত্যাহার করা হয়। পরে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়। গত ২৪ সেপ্টেম্বর তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হলে শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে মামলাটির তদন্তভার ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগে (ডিবি) দেওয়া হয়।










