রাজধানীর ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্রাউনফিশ স্টুডিও ভাঙচুর ও জমিতে হামলার ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হামলার মূল পরিকল্পনাকারী শাহরিয়ার, ভাসানটেক বস্তির মো. মামুন এবং মজুমদার মোড় এলাকার আসলাম ও মুন্না।
পুলিশ জানিয়েছে, স্টুডিওর জমির মালিক নিউ গিনি প্রপার্টিজ লিমিটেড ও এলাকার অন্য জমির মালিকদের মধ্যে বিরোধের জের ধরে হামলার ঘটনা ঘটে। নিউ গিনি প্রপার্টিজের কাছ থেকে একটি ফ্লোর ভাড়া নিয়ে ব্রাউনফিশ স্টুডিও তৈরি করেছিলেন সালমান মুক্তাদির।
শনিবার দিবাগত রাতে দুই ট্রাকে করে লোকজন এসে স্টুডিওতে হামলা ও ব্যাপক ভাঙচুর চালায় বলে অভিযোগ করেন সালমান। রাত পৌনে ২টার দিকে স্টুডিওর ফেসবুক পেজ থেকে লাইভে এসে তিনি জানান, হামলায় পুরো স্টুডিও ধ্বংস করে দেওয়া হয়েছে।
সালমানের ধারণা, হামলাকারীদের মূল লক্ষ্য ভবনের মালিকপক্ষ হতে পারে। এ ঘটনায় তার কাছে চাঁদা দাবি করা হয়েছিল কি না, সে বিষয়েও তিনি সন্দেহ প্রকাশ করেন।
ক্যান্টনমেন্ট থানার ওসি বলেন, নিউ গিনি প্রপার্টিজ জমিতে একটি গেট তৈরি করে অন্যদের চলাচল বন্ধ করে দিয়েছিল। এতে ক্ষুব্ধ হয়ে প্রতিপক্ষের লোকজন সেখানে যায় বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। তিনি আরও জানান, মূল পরিকল্পনাকারীকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদও জানিয়েছেন, প্রায় ৩৫ কাঠা জমি নিয়ে দুই পক্ষের বিরোধ রয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, এক পক্ষ নিউ গিনি প্রপার্টিজ এবং অন্য পক্ষ একজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার। ওই বিরোধের জেরেই রাতের বেলা জমি দখলের চেষ্টা করা হয়েছে বলে জানান তিনি।
এ ঘটনায় নিউ গিনি প্রপার্টিজের পক্ষ থেকে ক্যান্টনমেন্ট থানায় মামলা করা হয়েছে।










