দেশজুড়ে জমি, বাড়ি ও দোকান দখলের বিভিন্ন অভিযোগ পাওয়া যাচ্ছে বলে মন্তব্য করেছেন চিকিৎসক ও রাজনীতিক তাসনিম জারা। এসব অভিযোগের অনেকগুলো স্থানীয় বিএনপি নেতাদের বিরুদ্ধে রয়েছে বলেও দাবি করেন তিনি।
রোববার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর মিরপুর-১ নম্বরে হামলা ও ভাঙচুরের শিকার বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।
তাসনিম জারা বলেন, বিএনপি ইতোমধ্যে তাদের দলের একজন নেতাকে বহিষ্কার করেছে, যা তিনি ভালো উদ্যোগ হিসেবে উল্লেখ করেন। তবে শুধু বহিষ্কারের বিবৃতির মধ্যেই বিষয়টি সীমাবদ্ধ থাকবে কি না, সেটিও প্রশ্ন বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, কেন এমন ঘটনা ঘটছে এবং ক্ষমতায় আসার পর স্থানীয় পর্যায়ের নেতারা কেন দখলের মতো কর্মকাণ্ডে উৎসাহ পাচ্ছেন, তা খতিয়ে দেখা প্রয়োজন।
রাড্ডা মেডিকেল সেন্টারে হামলা ও ভাঙচুরের প্রসঙ্গ তুলে তাসনিম জারা পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। তিনি জানতে চান, স্বাস্থ্যসেবা কেন্দ্রে যখন এভাবে ভাঙচুরের ঘটনা ঘটল, তখন পুলিশ কী দায়িত্ব পালন করেছে।
তার বক্তব্য অনুযায়ী, এ ধরনের পরিস্থিতি অব্যাহত থাকলে সাধারণ মানুষ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর কীভাবে আস্থা রাখবে, সেটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন।
তিনি আরও বলেন, দেশের বিভিন্ন স্থানে জমি, বাড়ি ও দোকান দখলের অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা প্রয়োজন। একই সঙ্গে এসব ঘটনায় কারা জড়িত এবং আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা কী ছিল, তা তদন্তের মাধ্যমে স্পষ্ট হওয়া উচিত।










