গাইবান্ধার সাঘাটা উপজেলায় প্রকাশ্য দিবালোকে অস্ত্রের মুখে এক ব্যক্তির মোটরসাইকেল ও ৭৯ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ঘুড়িদহ ইউনিয়নের যাদুরতাইড় গ্রামের চৌধুরীপাড়া গেট এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ছয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও চার থেকে পাঁচজনকে আসামি করে সাঘাটা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী মো. আনিছুর রহমান চৌধুরী।
অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার সকালে সাঘাটা বাজার থেকে চাচাশ্বশুর মো. শাহ আলীর কাছ থেকে ধার নেওয়া ৭৯ হাজার টাকা নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন আনিছুর রহমান। চৌধুরীপাড়া গেট এলাকায় পৌঁছালে একদল ব্যক্তি তার পথরোধ করে।
অভিযোগে বলা হয়েছে, এ সময় দুর্বৃত্তরা তার গলায় ধারালো রামদা ঠেকিয়ে প্রাণনাশের হুমকি দেয়। পরে সঙ্গে থাকা ৭৯ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার পর তাকে মারধর করে মোটরসাইকেল থেকে টেনেহিঁচড়ে নামিয়ে দেওয়া হয়। এরপর তার মোটরসাইকেলটিও নিয়ে পালিয়ে যায় তারা।
ভুক্তভোগীর অভিযোগ, হামলাকারীদের হাতে রামদা, চাপাতি, লোহার রড ও লাঠিসোঁটাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ছিল। ঘটনার পর আইনি পদক্ষেপ নিলে তাকে হত্যা করে লাশ গুম করার হুমকিও দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন।
এ বিষয়ে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হোদা জানান, হামলা ও ছিনতাইয়ের ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে। ঘটনার সত্যতা এবং অভিযুক্তদের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।









