নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ রয়েছে, পূর্বাচল থেকে ফেরার পথে মোটরসাইকেলের গতিরোধ করে কিশোরী ও তার বন্ধুকে একটি পরিত্যক্ত ভবনে নিয়ে যাওয়া হয়। সেখানে বন্ধুকে আটকে রেখে কিশোরীর ওপর নির্যাতন চালানো হয় এবং পরে মুক্তিপণ দাবি করা হয়।
শুক্রবার (২ অক্টোবর) দিবাগত রাতে তারাবো পৌরসভার গন্ধর্বপুর এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার তিনজন হলেন নাদিম হোসেন (২২), সিহাব হাসান (২১) ও ইমন মিয়া (১৯)। তারা ওই এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে মৈকুলী এলাকার ওই কিশোরী তার বন্ধু আকাশ আহম্মেদের সঙ্গে মোটরসাইকেলে করে পূর্বাচল উপশহরে ঘুরতে যায়। রাতে বাড়ি ফেরার পথে গন্ধর্বপুর এলাকায় পৌঁছালে কিশোরীর পূর্বপরিচিত নাদিম, সিহাব ও ইমন তাদের পথরোধ করেন।
অভিযোগ অনুযায়ী, এরপর দুজনকে জোর করে পাশের একটি পরিত্যক্ত ভবনে নিয়ে যাওয়া হয়। সেখানে আকাশকে একটি কক্ষে আটকে রেখে তিন যুবক কিশোরীর ওপর পালাক্রমে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে।
একপর্যায়ে আকাশকে ছেড়ে দেওয়ার শর্তে তার কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা আনার কথা বলে আকাশ কৌশলে ভবন থেকে বের হয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেন এবং পুলিশকে ঘটনাটি জানান।
খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় কিশোরীকে উদ্ধার এবং অভিযুক্ত তিন যুবককে ঘটনাস্থল থেকে আটক করা হয়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার তিনজনকে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, ভুক্তভোগী কিশোরীকে চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।










