ইরান পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনা থেকে প্রায় সরে এসেছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (৩ অক্টোবর) হোয়াইট হাউস ছাড়ার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
বার্তাসংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, ওহাইও অঙ্গরাজ্যে একটি সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে কথা বলেন। তার দাবি, ইরান পরমাণু অস্ত্র তৈরির সব পরিকল্পনা প্রায় ছেড়ে দিয়েছে।
ট্রাম্প আরও দাবি করেন, বর্তমানে তেলের দাম কমছে। এ সময় তিনি সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের সময়ের তুলনায় তেলের দাম কম রয়েছে বলেও মন্তব্য করেন। ইরানকে পরমাণু অস্ত্র তৈরি থেকে বিরত রাখার বিষয়ে আগের মার্কিন প্রশাসনের ভূমিকা নিয়েও সমালোচনা করেন তিনি।
তবে ইরান দীর্ঘদিন ধরে পরমাণু অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করে আসছে। তেহরানের দাবি, তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ ও বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে এবং পরমাণু অস্ত্র তৈরির কোনো পরিকল্পনা তাদের নেই।
সম্প্রতি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফরের সময় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও পরমাণু অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ধর্মীয় নিষেধাজ্ঞার কারণেও ইরান পরমাণু অস্ত্র তৈরি করতে চায় না।
পেজেশকিয়ান আন্তর্জাতিক পর্যবেক্ষণের অধীনে ইরানের মজুত করা সমৃদ্ধ ইউরেনিয়ামের পরিমাণ কমিয়ে আনার প্রস্তাবও দিয়েছিলেন। তবে তেহরান একই সঙ্গে জানিয়েছে, তাদের শান্তিপূর্ণ বেসামরিক পরমাণু কর্মসূচি নিয়ে কোনো আপস করা হবে না।
ইরানের পক্ষ থেকে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্র অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা পর্যন্ত তাদের পরমাণু কর্মসূচির কাঠামোগত কোনো পরিবর্তন করা হবে না। ফলে ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের বিপরীতে ইরানের অবস্থান এখনো তাদের বেসামরিক পরমাণু কর্মসূচি অব্যাহত রাখার পক্ষেই রয়েছে।










