নোয়াখালীতে কিশোর গ্যাং ও কিশোর অপরাধ দমনে বিশেষ অভিযান চালিয়ে ১৭০ জনকে আটক করেছে পুলিশ। শনিবার (৩ অক্টোবর) বিকেল থেকে রোববার (৪ অক্টোবর) সকাল পর্যন্ত জেলার বিভিন্ন থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, আটক ব্যক্তিদের মধ্যে ১৫২ জনকে মুচলেকা নিয়ে তাঁদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। অপরদিকে, ১৮ জনের বিরুদ্ধে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ পাওয়ায় তাঁদের সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
জেলা পুলিশের তথ্য অনুযায়ী, সুধারাম মডেল থানা এলাকা থেকে চারজন, কোম্পানীগঞ্জে ১৭ জন, বেগমগঞ্জে ৩২ জন, সেনবাগে তিনজন, চরজব্বারে ৩২ জন, সোনাইমুড়ীতে ১৮ জন, হাতিয়ায় ৪৯ জন, চাটখিলে ছয়জন এবং কবিরহাট থানা এলাকা থেকে নয়জনকে আটক করা হয়েছে।
নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং কিশোর অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে পুলিশ সুপারের নির্দেশে বিশেষ অভিযানটি পরিচালনা করা হয়েছে।
জেলা পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন বলেন, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি কিশোর অপরাধ নিয়ন্ত্রণে জনসচেতনতা বাড়ানো ও সামাজিক প্রতিরোধমূলক কার্যক্রমও পরিচালনা করবে জেলা পুলিশ।










