রাজধানীর লালবাগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেত্রী শারমিন সুলতানা সর্মিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৩ অক্টোবর) রাতে লালবাগ রোডের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে একটি পুরোনো মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিল আহমেদ রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ জানায়, রাতে লালবাগ থানার ১৩৮/১৭ নম্বর এলাকার একটি বাসা থেকে শারমিনকে গ্রেপ্তার করা হয়।
শারমিন সুলতানা সর্মি ইডেন কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। পরে তিনি আওয়ামী লীগের উপকমিটির সম্পাদক এবং ২০১৭ থেকে ২০২২ মেয়াদে যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন বলে জানা গেছে।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, তাকে একটি পুরোনো মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তবে ওই মামলার বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।
লালবাগ থানার ওসি জামিল আহমেদ বলেন, শারমিন আগে ছাত্রলীগের নেতৃত্বে ছিলেন এবং পরে আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হন। তার বিরুদ্ধে থাকা পুরোনো মামলার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।










