আর্জেন্টিনার মাটিতে ফিরেছেন লিওনেল মেসি। জাতীয় দলের জার্সিতে শেষবার মাঠে নামার আগে ৩৯ বছর বয়সী এই তারকা নিজের শহর রোজারিওতে পৌঁছেছেন। স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো, তিন সন্তান ও মাকে নিয়ে ব্যক্তিগত বিমানে দেশে ফেরেন তিনি।
রোজারিও বিমানবন্দরে পৌঁছানোর পর সরাসরি ফুনেসের বাড়িতে যান মেসি। এরপর জাতীয় দলের সতীর্থদের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে তার। পরিকল্পনার এক দিন আগেই দেশে ফিরলেও সতীর্থদের সঙ্গে প্রস্তুতির সময় খুব বেশি পাচ্ছেন না তিনি।
আগামী ৬ অক্টোবর বুয়েনস এইরেসের ঐতিহাসিক এস্তাদিও মনুমেন্টালে বেনিনের বিপক্ষে ম্যাচটি মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ হিসেবে নির্ধারিত হয়েছে। ম্যাচটির সব টিকিট ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে। ফলে ম্যাচের ফলাফলের পাশাপাশি মেসির বিদায়ই হয়ে উঠবে দিনের প্রধান আকর্ষণ।
গত ৩১ আগস্ট জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানান মেসি। দুই দশকের বেশি সময় আর্জেন্টিনার জার্সিতে খেলেছেন তিনি। জাতীয় দলের হয়ে তার নেতৃত্বে ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা, ২০২২ ফাইনালিসিমা এবং কাতার বিশ্বকাপের শিরোপা জিতেছে আর্জেন্টিনা।
জাতীয় দলের হয়ে মেসির দীর্ঘ অধ্যায়ের শেষ প্রান্তে এখন শুধু একটি ম্যাচ বাকি। রোজারিও থেকে ইজেইজা, এরপর শেষ অনুশীলন এবং সবশেষে মনুমেন্টালে নামবেন আর্জেন্টিনার সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার।










