নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানার সীমানা প্রাচীরসংলগ্ন একটি পরিত্যক্ত স্থান থেকে শাজাহান তালুকদার (৭৫) নামে এক অবসরপ্রাপ্ত শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৪ অক্টোবর) দুপুরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পলাশ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। শাজাহান তালুকদার দীর্ঘদিন ওই সার কারখানায় শ্রমিক হিসেবে কাজ করেছেন। প্রায় চার বছর আগে তিনি চাকরি থেকে অবসর নেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শাজাহানের গ্রামের বাড়ি বরিশালে। অবসরের পর তিনি পলাশের ঘোড়াশাল এলাকার খানেপুরে বসবাস করছিলেন। তার দুই সন্তানের একজন তার সঙ্গে থাকতেন, অন্যজন বরিশালে বসবাস করেন।
উদ্ধারের সময় মরদেহে পচন ধরেছিল এবং আশপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছিল। তার হাত-পায়ের আঙুল ও গোপনাঙ্গ বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয়রা। ঘটনাটি জানাজানি হলে কারখানা ও আশপাশের এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ এবং মরদেহে আঘাতের বিষয়টি তদন্তের পর বিস্তারিত জানা যাবে। ঘটনার সঙ্গে কারা জড়িত, তা খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে পুলিশ।










