আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচ ঘিরে যখন সমর্থকদের মধ্যে উৎসবের আমেজ, তখনই ম্যাচ আয়োজন নিয়ে সামনে এসেছে বিতর্ক। বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে আফ্রিকার দলটি দীর্ঘ ভ্রমণ, আবাসন ও অনুশীলনসংক্রান্ত বেশ কিছু সমস্যার মুখে পড়েছে।
বুয়েনস এইরেসের ঐতিহাসিক মনুমেন্টাল স্টেডিয়ামে আগামীকাল ভোরে বেনিনের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। ম্যাচটি মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের বিদায়ী ম্যাচ হিসেবে বিশেষ গুরুত্ব পাচ্ছে। ৩৯ বছর বয়সী এই আর্জেন্টাইন তারকা আগেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ফলে শেষবারের মতো জাতীয় দলের জার্সিতে তাঁকে দেখতে মুখিয়ে আছেন আর্জেন্টিনার সমর্থকেরা।
তবে ম্যাচের আগে বেনিন দলের অভিজ্ঞতা খুব একটা স্বস্তিদায়ক ছিল না। দলটি প্রায় ২৫ ঘণ্টার দীর্ঘ ভ্রমণ শেষে আর্জেন্টিনায় পৌঁছায়। এই দীর্ঘ যাত্রার ধকলের মধ্যে দলের ভিডিও বিশ্লেষক কয়েক মিনিটের জন্য জ্ঞান হারিয়েছিলেন বলে বেনিনের সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।
আর্জেন্টিনায় পৌঁছানোর পরও দলটির সমস্যার অবসান হয়নি। বেনিনের হোটেলের একটি তলায় কিছু সময় গরম পানির ব্যবস্থা ছিল না। দলের জন্য বরাদ্দ জিমেও পেশাদার অনুশীলনের জন্য প্রয়োজনীয় পর্যাপ্ত সরঞ্জাম ছিল না। পাশাপাশি সনা সুবিধাও কাজ করছিল না। এসব সীমাবদ্ধতার মধ্যেই দলটিকে কৃত্রিম টার্ফের মাঠে অনুশীলন করতে হয়েছে।
ভ্রমণজনিত জটিলতার কারণে বেনিনের তিন খেলোয়াড় জুনিয়র ওলাইটান, চার্লেমেন আজোংনিতোদে ও সাইদ এনগোবি সময়মতো দলের সঙ্গে যোগ দিতে পারেননি।
বেনিনের সমস্যার খবর প্রকাশের পর আর্জেন্টিনার ম্যাচ আয়োজন নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ এর কয়েক দিন আগেও বুরকিনা ফাসোর বিপক্ষে ম্যাচের আগে একই ধরনের লজিস্টিক জটিলতার খবর সামনে এসেছিল।
বুরকিনা ফাসোর খেলোয়াড়েরা ম্যাচ শুরুর মাত্র তিন ঘণ্টা আগে আর্জেন্টিনায় পৌঁছেছিলেন। ভ্রমণসংক্রান্ত সমস্যার কারণে দলটিকে পরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামতে হয়েছিল। শেষ পর্যন্ত আর্জেন্টিনা সেই ম্যাচে ৭-০ গোলের বড় জয় পায়। এরপর ম্যাচ আয়োজন ও অতিথি দলের ব্যবস্থাপনা নিয়ে আর্জেন্টিনার সংবাদমাধ্যমে সমালোচনা হয়।
অবশ্য বেনিনের ক্ষেত্রে পরবর্তী সময়ে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। গরম পানির ব্যবস্থা ঠিক করা হয়েছে এবং প্রয়োজনীয় অনুশীলন সরঞ্জামও পৌঁছেছে বলে জানা গেছে। দলটি স্বাভাবিকভাবে অনুশীলনও শুরু করেছে।
তবে মেসির বিদায়ী ম্যাচের ঠিক আগে পরপর দুই আফ্রিকান দলের লজিস্টিক সমস্যার খবর আর্জেন্টিনার আয়োজন নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে। ফলে মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচের উত্তেজনার পাশাপাশি মাঠের বাইরের ব্যবস্থাপনাও এখন আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।










