আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টের প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। দ্বিতীয় দিনের খেলা শুরুতে ৮ উইকেটে ৩১৭ রান নিয়ে ব্যাট করতে নামা নাজমুল হোসেন শান্তর দল সকালে আর মাত্র ২৯ রান যোগ করতেই বাকি দুই উইকেট হারায়।
দিনের শুরুতে তাইজুল ইসলাম ও নাঈম হাসান সতর্কভাবে ব্যাটিং চালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে আফগান পেসার মোহাম্মদ সেলিমের শর্ট ডেলিভারিতে পরাস্ত হয়ে ৯ রান করে সাজঘরে ফেরেন তাইজুল। অন্য প্রান্তে লড়াই চালিয়ে যান নাঈম হাসান। শেষ পর্যন্ত ৩৫ রানে অপরাজিত থাকেন এই স্পিন বোলিং অলরাউন্ডার।
বাংলাদেশের ইনিংসে ব্যাট হাতে উল্লেখযোগ্য অবদান রাখেন তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম, সাদমান ইসলাম ও লিটন দাস। তানজিদ করেন ৮৩ রান, সাদমানের ব্যাট থেকে আসে ৬৭ রান এবং লিটন দাস করেন ৫৩ রান। তাঁদের কার্যকর ইনিংসে একসময় বড় সংগ্রহের সম্ভাবনা তৈরি হলেও শেষ পর্যন্ত চারশ রানের মাইলফলক ছোঁয়া হয়নি বাংলাদেশের।
প্রথম দিনের মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত এক উইকেটে ২০৮ রান তুলে ভালো অবস্থানে ছিল বাংলাদেশ। পরে দুই উইকেটে ২২১ রানেও শক্ত অবস্থান ধরে রেখেছিল দলটি। কিন্তু এরপর মাত্র ১২৫ রানের ব্যবধানে বাকি আটটি উইকেট হারিয়ে ফেলে টাইগাররা। ফলে বড় সংগ্রহ গড়ার সুযোগ হাতছাড়া হয়।
আবুধাবির এই মাঠে প্রথম ইনিংসে গড় দলীয় সংগ্রহ ৩৬০ রান। সেই বিবেচনায় বাংলাদেশের ৩৪৬ রান গড় সংগ্রহের চেয়ে কিছুটা কম। আফগান বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন মোহাম্মদ সেলিম। ৮২ রান খরচায় চারটি উইকেট নেন তিনি, যার তিনটিই আসে শর্ট ডেলিভারিতে। ইয়ামিন আহমাদজাই ৭৯ রানে তিনটি এবং ইসমাত আলম দুটি উইকেট শিকার করেন।
বাংলাদেশের ব্যাটাররা ভালো শুরু পেলেও শেষদিকে দ্রুত উইকেট হারানোয় দল বড় সংগ্রহ গড়তে পারেনি। এখন আফগানিস্তানের প্রথম ইনিংসের ব্যাটিংয়ের ওপর নির্ভর করবে ম্যাচে বাংলাদেশের অবস্থান কতটা শক্তিশালী হয়।










