ভারতের দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্নায় বসে আটক হয়েছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার সাউথ অ্যাভিনিউ বাসস্ট্যান্ডের কাছে তাঁর বাড়ির সামনে অবস্থান কর্মসূচি চলাকালে তাঁকে আটক করে দিল্লি পুলিশ।
প্রতিবেদন অনুযায়ী, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তৃণমূল কংগ্রেসের আরও কয়েকজন সাংসদকেও আটক করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন ডেরেক ও’ব্রায়েন, দোলা সেন, প্রতিমা মণ্ডল, সামিরুল ইসলাম ও সাকেত গোখলে।
জানা গেছে, সাউথ অ্যাভিনিউয়ে নিজের বাড়ির সামনে ধর্নায় বসেছিলেন মমতা। এ সময় দিল্লি পুলিশের পক্ষ থেকে তাঁকে জানানো হয়, ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা অনুযায়ী সেখানে ধর্না, অবস্থান কর্মসূচি এবং পাঁচজনের বেশি মানুষের জমায়েতের অনুমতি নেই।
পুলিশের পক্ষ থেকে অবস্থান কর্মসূচি প্রত্যাহারের অনুরোধ জানানো হলেও মমতা বন্দ্যোপাধ্যায় তাতে রাজি হননি। এরপর পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে তাঁকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যান বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে এই কর্মসূচি ঘিরে দিল্লিতে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ কর্মসূচির মধ্যেই এ ঘটনা ঘটল।
একই দিনে দিল্লি পুলিশ কেরালার সাবেক মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকেও আটক করেছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
ঘটনাটি নিয়ে ভারতের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে আটক ব্যক্তিদের পরবর্তী আইনি অবস্থান সম্পর্কে বিস্তারিত তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।










